বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অর্থনৈতিক সম্পৃক্ততা এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও ব্রাজিল। একই সঙ্গে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর নিয়মিত করা এবং নতুন ও উদীয়মান খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
জাতিসংঘের বিভিন্ন বৈঠকে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বৈঠক করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো লুইজ ইয়েকার ভিয়েরার সঙ্গে।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ব্রাজিল সম্পর্কের ক্রমবর্ধমান গতিশীলতায় উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করে।
দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও বিস্তৃত ও কার্যকর করার লক্ষ্যে বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক সম্পৃক্ততা এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার ক্ষেত্রে নতুন সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।
বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে উচ্চপর্যায়ের সফরের নিয়মিত আদান-প্রদানের গুরুত্বও বৈঠকে তুলে ধরা হয়। উভয় পক্ষ মনে করে, এ ধরনের সফর রাজনৈতিক ও অর্থনৈতিক যোগাযোগকে আরও গতিশীল করার পাশাপাশি সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরিতে ভূমিকা রাখতে পারে।
এ ছাড়া নতুন ও উদীয়মান বিভিন্ন খাতে পারস্পরিক লাভজনক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও গভীর করার উপায় নিয়েও মতবিনিময় করেন তারা।
বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত করে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

