অনুসরণ করুন:
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

খুলনার ফুলতলায় জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে খুলনার ফুলতলা উপজেলায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার দামোদর ইউনিয়নের জোড়া বটতলা ফজলুল উলুম বহুমুখী মাদ্রাসা ও এতিমখানাসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানের অংশ হিসেবে মাদ্রাসা ও এতিমখানার পাশের খালের জলাবদ্ধতা নিরসন এবং দীর্ঘদিন ধরে জমে থাকা কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণ করেন আনসার-ভিডিপির সদস্যরা। এতে খালের পানি প্রবাহ স্বাভাবিক করার পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করা হয়।

উপজেলা প্রশিক্ষক আব্দুল্লাহ-আল রাসেলের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে দলনেতা আবুল খায়ের ও দলনেত্রী পারভীন বেগমসহ স্থানীয় আনসার-ভিডিপির স্বেচ্ছাসেবী সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা করা হয়। এ সময় এডিস মশার প্রজননস্থল ধ্বংস, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালে কচুরিপানা ও ময়লা জমে থাকায় পানি চলাচলে সমস্যা হচ্ছিল। পরিচ্ছন্নতা অভিযানের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ কিছুটা ফিরেছে এবং মশার প্রজননস্থল কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন