নীলফামারীর ডিমলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আট বছরের এক শিশুকে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে নেওয়া এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আনসার সদস্যরা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভ্যাটেশন মোড় এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম নামের ওই শিশু আহত হয়। দুর্ঘটনায় শিশুটির ঘাড় ও মুখ গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয় বলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দুর্ঘটনার খবর পেয়ে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত আনসার ক্যাম্পের এপিসি মোন্নাফ ও আনসার সদস্য আলমগীর হোসেন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান।
পরে আনসার সদস্যরা চিকিৎসকদের সহায়তায় শিশুটির জরুরি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করেন। তবে আহত ইব্রাহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
পরিস্থিতি বিবেচনায় আনসার সদস্যরা দ্রুত একটি সরকারি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। পরে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর প্রক্রিয়ায় প্রত্যক্ষ ভূমিকা রাখেন তারা।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনার পর সংকটময় মুহূর্তে আনসার সদস্যদের দ্রুত ও মানবিক পদক্ষেপ শিশুটিকে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সহায়তা করেছে।
এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা আনসার সদস্যদের ভূমিকার প্রশংসা করেছেন। জনসেবামূলক কার্যক্রম ও জরুরি পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে আনসার সদস্যরা মানবিক সহায়তার দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

