বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী এসআই আলতাফের পরিবারের পাশে আইজিপি

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মো. আলতাফ হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ সময় বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারটিকে আর্থিক অনুদান প্রদান করেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে মরহুম এসআই মো. আলতাফ হোসেনের পরিবারের সদস্যরা আইজিপির সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে আইজিপি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, দায়িত্ব পালনকালে এসআই (নিরস্ত্র) মো. আলতাফ হোসেনের আত্মত্যাগ পেশাগত কর্তব্যনিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত। দেশের মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে তিনি যে আত্মত্যাগ করেছেন, বাংলাদেশ পুলিশ তা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ আলতাফ হোসেনের পরিবারের পাশে রয়েছে। তাঁর পরিবারের প্রতি বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। একই সঙ্গে আলতাফ হোসেনের আত্মত্যাগ সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক পাওয়ার যোগ্য বলেও উল্লেখ করেন আইজিপি।

পুলিশ হেডকোয়ার্টার্স সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সাভারের বরদেশী পশ্চিমপাড়ায় দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের অতর্কিত হামলার শিকার হন স্পেশাল ব্রাঞ্চের এসআই (নিরস্ত্র) মো. আলতাফ হোসেন। হামলায় গুরুতর আহত হয়ে তিনি শাহাদাতবরণ করেন।

দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যের এমন আত্মত্যাগের ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে আসে। সেই শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এ আর্থিক সহায়তা দেওয়া হলো।

আইজিপির সঙ্গে সাক্ষাতের সময় পরিবারের সদস্যরা তাদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন