অনুসরণ করুন:
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মোহনপুরে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির পরিচ্ছন্নতা অভিযান

রাজশাহীর মোহনপুর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর স্থানীয় সদস্যরা। একই সঙ্গে মশক নিধনে ওষুধ ছিটানো, সচেতনতামূলক র‍্যালি ও সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে মোহনপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রাকিবুল হাসানের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।

দেশব্যাপী চলমান ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে আনসার-ভিডিপি সদস্যরা উপজেলার প্রধান বাজার ও গুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান। এ সময় মশক নিধনে বিভিন্ন স্থানে ওষুধ ছিটানো হয়।

পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিতে অংশ নেওয়া সদস্যরা সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করেন এবং লিফলেট বিতরণ করেন।

অভিযানে মূলত বাড়ি ও আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়া এবং এডিস মশার বংশবিস্তার রোধের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ডেঙ্গু প্রতিরোধে মাঠপর্যায়ে এ ধরনের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম জনসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নিয়মিতভাবে এসব কার্যক্রম পরিচালনার মাধ্যমে এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ডেঙ্গু প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রমে মাঠপর্যায়ে সদস্যদের অংশগ্রহণ অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন