রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

জীবনের সব ক্ষেত্রে রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে: আবদুল হালিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, শুধু ইবাদত নয়, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে রাসূল (সা.)-এর সুন্নাহ ধারণ করে সে অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ময়মনসিংহ মহানগর জামায়াত আয়োজিত সিরাত মাহফিল ও বইপাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আবদুল হালিম বলেন, ‘নামাজ থেকে শুরু করে খাওয়ার টেবিল—জীবনের সব ক্ষেত্রে রাসূল (সা.) যেভাবে আমাদের দেখিয়েছেন, সেভাবেই চলতে হবে।’

তিনি বলেন, রাসূল (সা.)-এর অনুসরণ শুধু ব্যক্তিগত ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলামের জন্য কাজ, আল্লাহর রাস্তায় জিহাদ এবং ত্যাগ স্বীকারকেও তিনি রাসূল (সা.)-এর পূর্ণাঙ্গ অনুসরণের অংশ হিসেবে উল্লেখ করেন।

নতুন প্রজন্মকে ইসলামী আদর্শে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে আবদুল হালিম বলেন, শিশুদের ছোটবেলা থেকেই রাসূল (সা.)-এর জীবন ও সুন্নাহ সম্পর্কে শিক্ষা দিতে হবে। দৈনন্দিন জীবনে সেই আদর্শের চর্চার মাধ্যমে তাদের নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া।

এ ছাড়া আলোচনায় অংশ নেন মিরসরাইয়ের পীর সাহেব আল্লামা আব্দুল মোমেন নাসেরী, বিশিষ্ট মুফাসসির মাওলানা মো. নাসির উদ্দিন হেলালী, ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল এবং জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দসহ অন্যরা।

অনুষ্ঠানে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত বইপাঠ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে নির্ধারিত সিরাত গ্রন্থের ওপর ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মহানগর জামায়াতের রুকনরা অংশ নেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন