শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ভালো ও মেধাবীদের রাজনীতিতে আনতে হবে: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান

নিজস্ব প্রতিবেদক

দেশের উন্নয়ন ও অগ্রগতিকে দীর্ঘমেয়াদে টেকসই করতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষকে রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান। তিনি বলেছেন, ভালো রাজনৈতিক নেতৃত্ব তৈরি করা না গেলে উন্নয়নের বড় বড় পরিকল্পনা বাস্তবায়িত হলেও তার সুফল দীর্ঘস্থায়ী করা সম্ভব হবে না।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ) আয়োজিত ‘আগামীর বরিশাল বিভাগ: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

তথ্যমন্ত্রী বলেন, দেশের এখন শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, প্রয়োজন মানসম্মত ও টেকসই উন্নয়ন। আর সেই উন্নয়ন নিশ্চিত করতে হলে ভালো মানুষকে নেতৃত্বে নিয়ে আসতে হবে।

তিনি বলেন, “আমরা যদি ভালো রাজনীতিবিদ তৈরি করতে না পারি, তাহলে আমরা যে স্বপ্নের কথাই বলি না কেন, তা টেকসই হবে না।”

‘গত ১৭ বছরে নেতৃত্বের সংকট তৈরি হয়েছে’

আন্দালিভ রহমান বলেন, গত ১৭ বছরে দেশে রাজনৈতিক নেতৃত্বের বড় ধরনের সংকট তৈরি হয়েছে। মেধাবী ও ভালো তরুণদের একটি অংশ রাজনীতি থেকে দূরে সরে গেছে। একই সঙ্গে রাজনীতিবিদদের প্রতি মানুষের মধ্যে অনাস্থাও তৈরি হয়েছে। এমনকি অনেক রাজনীতিবিদের সন্তানও এখন রাজনীতিতে আসতে আগ্রহী নয় বলে মন্তব্য করেন তিনি।

রাজনৈতিক নেতৃত্বের গুরুত্ব বোঝাতে উদাহরণ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ভালো উপাদান থাকলেও দক্ষ বাবুর্চি ছাড়া যেমন ভালো খাবার তৈরি হয় না, তেমনি ভালো মানুষ নেতৃত্বে না এলে উন্নয়ন ও অগ্রগতির সুফল ধরে রাখা কঠিন।

বর্তমানে যারা রাজনীতি করার সুযোগ পেয়েছেন, তাদের পরবর্তী প্রজন্মের জন্য রাজনীতির পথ সহজ করার দায়িত্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যোগ্য ও মেধাবী তরুণদের রাজনীতিতে আসতে উৎসাহিত করতে হবে এবং তাদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হবে।

‘বরিশালের নেতৃত্ব দেওয়ার ঐতিহ্য রয়েছে’

বরিশালের রাজনৈতিক ও সামাজিক ঐতিহ্যের কথা তুলে ধরে আন্দালিভ রহমান বলেন, ফুটবল থেকে রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বরিশাল ও এ অঞ্চলের মানুষ বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে। পাকিস্তান আমল থেকে স্বাধীন বাংলাদেশ পর্যন্ত বরিশাল অঞ্চল থেকে অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা উঠে এসেছেন।

শেরেবাংলা এ কে ফজলুল হকের কথা উল্লেখ করে তিনি বলেন, অতীতের মতো ভবিষ্যতেও বরিশাল থেকে যোগ্য, সৎ ও মেধাবী নেতৃত্ব সামনে আসতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, বরিশালকে সত্যিকার অর্থে স্বপ্নের নগরী ও কাঙ্ক্ষিত অঞ্চলে পরিণত করতে হলে অবকাঠামো, গ্যাস সরবরাহ ও শিল্পায়নের পাশাপাশি মানসম্পন্ন রাজনৈতিক নেতৃত্ব তৈরিতেও গুরুত্ব দিতে হবে।

বরিশালের বিভিন্ন জেলা ও নির্বাচনী এলাকা থেকে মেধাবী তরুণ-তরুণীদের রাজনীতিতে আসতে উৎসাহিত করার আহ্বান জানান তিনি।

মেধাবী তরুণদের রাজনীতিতে দেখতে চান তথ্যমন্ত্রী

আন্দালিভ রহমান বলেন, নতুন প্রজন্মের তরুণরা ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী কিংবা সফটওয়্যার প্রকৌশলী হবে, বিদেশেও যাবে—এটি স্বাভাবিক। তবে দেশের সবচেয়ে মেধাবী ও শিক্ষিত তরুণদের একটি অংশ যদি দেশ পরিবর্তনের প্রত্যয় নিয়ে রাজনীতিতে আসে, সেটিই ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে পারে।

তিনি বলেন, “আমরা হয়তো অনেক কিছু তৈরি করে যেতে পারব, কিন্তু ভালো নেতৃত্ব তৈরি করতে না পারলে সেগুলো ধরে রাখা সম্ভব হবে না।”

ভবিষ্যৎ প্রজন্মের জন্য যোগ্য রাজনৈতিক নেতৃত্ব তৈরি শুধু বরিশালের নয়, পুরো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের জন্য ভালো মানুষ ও মেধাবীদের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ আরও বিস্তৃত করতে হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন