শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ঢাবির সাড়ে ৬ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে বিশেষায়িত স্বাস্থ্যসেবা দিল ডাকসু

দুই দিনের ‘ফ্রি স্পেশালাইজড হেলথ ফেস্ট ৩৬০°’

৩০টির বেশি বিভাগে তিন শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ওষুধ বিতরণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসাসেবা দেওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত দুই দিনব্যাপী ‘ফ্রি স্পেশালাইজড হেলথ ফেস্ট ৩৬০°’।

গত ৮ ও ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। ডাকসুর উদ্যোগে এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের তিন শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, দুই দিনে প্রায় ৬ হাজার ৫০০ শিক্ষার্থী স্বাস্থ্যসেবা নিয়েছেন। ৩০টি বিভাগের চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ পেয়েছেন।

হেলথ ফেস্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না ও আফসানা আকতার।

শিক্ষার্থীদের চাহিদায় যুক্ত হয় পুষ্টিসেবা

আয়োজকেরা জানান, প্রথম দিনের কার্যক্রমে শিক্ষার্থীদের সাড়া ও চাহিদার পরিপ্রেক্ষিতে দ্বিতীয় দিনে নতুন করে ‘ডায়েট অ্যান্ড নিউট্রিশন’ সেবার বুথ চালু করা হয়।

সেখানে শিক্ষার্থীদের খাদ্যাভ্যাস, পুষ্টি ও স্বাস্থ্যকর জীবনযাপন বিষয়ে পরামর্শ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের প্রধান পুষ্টিবিদ মো. সাইফুল্লাহ ফারুকী এবং ডায়েটিশিয়ান আমাতুল্লাহ শারমিন।

সমাপনী দিনে অতিথিদের পরিদর্শন

দ্বিতীয় ও সমাপনী দিনে হেলথ ফেস্ট পরিদর্শন করেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সম্মিলিত নারী প্রয়াসের আহ্বায়ক শামীমা তাসনীম, ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম খান।

এ সময় ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজসহ ডাকসু ও বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে প্রথম দিনের আয়োজনে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল, ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সাইফুদ্দিন আহমেদ এবং ফার্মেসি অনুষদের সাবেক ডিন ও মানারাত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য চৌধুরী মাহমুদ হাসান।

এ ছাড়া ন্যাশনাল ডক্টরস ফোরামের ঢাকা মহানগরী দক্ষিণ শাখার আহ্বায়ক মারুফ শাহরিয়ার, ডাকসুর সহসাধারণ সম্পাদক (এজিএস) মুহা. মহিউদ্দীন খান, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একই জায়গায় বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ পাওয়ার সুযোগ তৈরি করাই ছিল দুই দিনের এ আয়োজনের মূল লক্ষ্য।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন