বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

প্রভাবশালী হলেও দুর্নীতিবাজদের ছাড় নয়: রাষ্ট্রপতি

বঙ্গভবনে দুদক চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধিদলের সাক্ষাৎ

গুরুতর দুর্নীতির দ্রুত অনুসন্ধান ও কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ

দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি যত প্রভাবশালীই হোন না কেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রভাব-প্রতিপত্তির বিষয় বিবেচনা না করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশনা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বঙ্গভবনে দুদক চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের অপশাসন, অনিয়ম এবং জবাবদিহিতার ঘাটতির কারণে দুর্নীতি দেশের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দেশের অগ্রগতি ও ভবিষ্যৎ অনেকাংশে দুর্নীতি কতটা কার্যকরভাবে দমন ও নিয়ন্ত্রণ করা যায়, তার ওপর নির্ভর করছে।

দুদককে সততা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্নীতির অভিযোগ তদন্তের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির সামাজিক বা রাজনৈতিক প্রভাব বিবেচ্য হওয়া উচিত নয়। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে।

পুরোনো মামলার দীর্ঘসূত্রতা কমানোর তাগিদ

দুদকে দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক মামলা বিচারাধীন থাকার বিষয়টিও আলোচনায় আসে। রাষ্ট্রপতি আইনগত প্রক্রিয়া অনুসরণ করে এসব মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া এবং মামলার দীর্ঘসূত্রতা কমানোর ওপর গুরুত্ব দেন।

বিশেষ করে গুরুতর দুর্নীতির অভিযোগের ক্ষেত্রে দ্রুত অনুসন্ধান সম্পন্ন করে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন রাষ্ট্রপতি।

একই সঙ্গে দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তুলতে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ লক্ষ্যে দুদকের প্রচার ও সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

দুদকের সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরলেন চেয়ারম্যান

সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান কমিশনের সার্বিক কার্যক্রম ও চলমান বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে দুদকের বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জগুলোও তুলে ধরেন তিনি।

দুর্নীতি দমনে কমিশনের কার্যক্রম আরও কার্যকর করতে রাষ্ট্রপতির সহযোগিতা চান দুদক চেয়ারম্যান। রাষ্ট্রপতি কমিশনকে তার সাংবিধানিক ও আইনগত দায়িত্ব কার্যকরভাবে পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

দুদকের প্রতিনিধিদলে আরও ছিলেন কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান, কমিশনার (অনুসন্ধান) ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া এবং সচিব মো. সাইদুর রহমান খান। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরাও উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন