রাজধানীর সার্কিট হাউজ সড়কে উল্টো পথে চলাচলের অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে বহনকারী গাড়ির বিরুদ্ধে দুটি মামলা করেছে ট্রাফিক পুলিশ। দুই মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মন্ত্রীকে বহনকারী সাদা রঙের একটি রেঞ্জ রোভার গাড়ি সার্কিট হাউজ সড়ক দিয়ে উল্টো পথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাফিক পুলিশ গাড়িটিকে থামায়। ঘটনার সময় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত গাড়িতে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, উল্টো পথে গাড়ি চালানোর অভিযোগে চালক আরিফ হোসেনের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। প্রতিটি মামলায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার বিকেলে ওই কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ট্রাফিক আইন ভঙ্গের ঘটনায় সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন সবার জন্য সমান—এ বিষয়টি নিশ্চিত করতেই গাড়িটির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, সরকারের শীর্ষ পর্যায় থেকে পুলিশকে দায়িত্ব পালনে সর্বোচ্চ স্বাধীনতা দেওয়া হয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় বিবেচনায় না নিয়ে ট্রাফিক আইন প্রয়োগের নির্দেশনা রয়েছে।
তিনি বলেন, মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে উল্টো পথে চলাচলের অভিযোগে মামলা করার ঘটনা একটি নজিরবিহীন দৃষ্টান্ত। প্রধানমন্ত্রী নিজেও ট্রাফিক আইন মেনে চলাচল করছেন। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আইন না মানলে সাধারণ মানুষের মধ্যেও আইন অমান্যের প্রবণতা তৈরি হতে পারে।
পুলিশ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মিতভাবেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

