আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আগামীকাল রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা ও স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে রোববার জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা এবং স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।
কর্মসূচি অনুযায়ী, রোববার বিকেল ৩টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের সামনে থেকে পদযাত্রাটি শুরু হবে। পরে মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়া হবে।
বিবৃতিতে আরও বলা হয়, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য এ কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। কর্মসূচি সফল করতে জোটের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

