শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গাড়ির পর এবার রোবট: টেসলার পথে চীনা অটোমেকারদের বড় বিনিয়োগ

বৈদ্যুতিক গাড়ির বাজারে তীব্র প্রতিযোগিতা ও ক্রমেই সংকুচিত মুনাফার মধ্যে নতুন ব্যবসায়িক সম্ভাবনার খোঁজে হিউম্যানয়েড রোবটের দিকে ঝুঁকছে চীনের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতারা। টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের ‘অপটিমাস’ প্রকল্পের মতোই ভবিষ্যতে রোবটকে বড় আয়ের উৎস হিসেবে দেখছে এসব প্রতিষ্ঠান।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতি এই প্রবণতাকে আরও জোরালো করেছে। বিশেষ করে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলভিত্তিক এআইয়ের বিকাশের ফলে জটিল রোবটকে বিভিন্ন ধরনের কাজ শেখানো এবং বাস্তব পরিবেশে ব্যবহার করার সম্ভাবনা বাড়ছে। একই সঙ্গে উন্নত হচ্ছে রোবটের চলাচল ও শারীরিক সক্ষমতাও।

এই সম্ভাবনাকে কাজে লাগাতে বড় পদক্ষেপ নিয়েছে চীনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা এক্সপেং। প্রতিষ্ঠানটির রোবটিকস ইউনিট সম্প্রতি ৯০ কোটি ডলারের বেশি বিনিয়োগ সংগ্রহ করেছে। নতুন বিনিয়োগের পর ইউনিটটির মূল্যায়ন দাঁড়িয়েছে ৬৩০ কোটি ডলারের বেশি।

আইডিজি ক্যাপিটালের নেতৃত্বে অনুষ্ঠিত এই বিনিয়োগ পর্বে গাওরং ভেঞ্চারস, টেনসেন্ট ও আলিবাবাসহ কয়েকটি বড় প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এক্সপেংয়ের দাবি, চীনের ‘এমবডিড এআই’ খাতে একক বিনিয়োগ পর্ব হিসেবে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় বেসরকারি অর্থায়ন।

এক্ষেত্রে এক্সপেংয়ের আগ্রহ শুধু প্রাতিষ্ঠানিক পর্যায়েই সীমাবদ্ধ নেই। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা হে শিয়াওপেং এবং কো-প্রেসিডেন্ট ব্রায়ান গু ব্যক্তিগতভাবেও রোবটিকস ব্যবসায় অর্থ বিনিয়োগ করেছেন। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক অর্থায়ন পর্বে তারা সম্মিলিতভাবে প্রায় ১০ কোটি ডলার বিনিয়োগ করেছেন।

এক্সপেং বর্তমানে ‘আয়রন’ নামের একটি হিউম্যানয়েড রোবট নিয়ে কাজ করছে। মানুষের শারীরিক কাঠামোর কাছাকাছি নকশার এই রোবটকে বাণিজ্যিকভাবে ব্যবহারের লক্ষ্যেই উন্নয়ন করা হচ্ছে।

শুধু এক্সপেং নয়, চীনের আরও বেশ কয়েকটি গাড়ি নির্মাতা একই পথে এগোচ্ছে। চেরি অটোমোবাইলের রোবটিকস ইউনিট AiMOGA শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রস্তুতি নিচ্ছে বলে খবর রয়েছে। অন্যদিকে বিওয়াইডি ‘Xiao Di’ নামে একটি হিউম্যানয়েড রোবট উন্মোচন করেছে। চ্যাংগান, জিএসি, লি অটো, এসএআইসি এবং সেরেসও হিউম্যানয়েড রোবট প্রযুক্তি নিয়ে কাজ করছে।

বিশ্লেষকদের মতে, চীনা গাড়ি নির্মাতাদের বড় সুবিধা হচ্ছে তাদের বিদ্যমান উৎপাদন অবকাঠামো ও হার্ডওয়্যার তৈরির দক্ষতা। গাড়ি শিল্পে বৃহৎ পরিসরে উৎপাদনের অভিজ্ঞতা থাকায় ভবিষ্যতে রোবটের বাণিজ্যিক উৎপাদনেও তারা সুবিধাজনক অবস্থানে থাকতে পারে। তবে এআই সফটওয়্যার ও স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণের প্রযুক্তিতে টেসলার সঙ্গে তারা কতটা প্রতিযোগিতা করতে পারবে, সেটিই বড় প্রশ্ন।

হিউম্যানয়েড রোবটের বাজারে অবশ্য শুধু গাড়ি নির্মাতারাই নেই। Agility Robotics, Apptronik এবং Figure-এর মতো প্রযুক্তি প্রতিষ্ঠানও বৃহৎ পরিসরে বাণিজ্যিক ব্যবহারের উপযোগী রোবট তৈরির চেষ্টা করছে।

এদিকে হুন্দাইয়ের মালিকানাধীন Boston Dynamics তাদের Atlas হিউম্যানয়েড রোবটকে বাস্তব কারখানায় ব্যবহারের দিকে এগিয়ে নিচ্ছে। হুন্দাই চলতি বছর যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় নিজেদের কারখানায় Atlas ব্যবহারের পরিকল্পনা করেছে। ২০২৮ সালের মধ্যে যন্ত্রাংশ সাজানোসহ বিভিন্ন উৎপাদন কার্যক্রমে এসব রোবট ব্যবহারের লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।

Atlas-এর উন্নয়ন ত্বরান্বিত করতে গুগলের এআই গবেষণা প্রতিষ্ঠান DeepMind-এর সঙ্গেও কাজ করছে হুন্দাই। পাশাপাশি যুক্তরাষ্ট্রে ‘Robot Metaplant Application Center’ নামে একটি বিশেষায়িত কেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে, যেখানে রোবটকে ভার তোলা, ঘোরানোসহ শিল্পকারখানায় প্রয়োজনীয় বিভিন্ন শারীরিক কাজ শেখানো হবে।

অটোমোবাইল প্রযুক্তি সরবরাহকারী Mobileye-ও চলতি বছর প্রায় ৯০ কোটি ডলারে হিউম্যানয়েড রোবট স্টার্টআপ Mentee Robotics অধিগ্রহণ করেছে। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা Rivian-ও ‘Mind Robotics’ নামের আলাদা উদ্যোগের মাধ্যমে রোবট প্রযুক্তিতে কাজ করছে, যদিও তাদের পরিকল্পিত রোবট প্রচলিত মানবসদৃশ নকশার নাও হতে পারে।

গাড়ির বাজারে মূল্যযুদ্ধ ও কম মুনাফার বাস্তবতায় চীনা অটোমেকারদের এই বিনিয়োগ নতুন এক শিল্প প্রতিযোগিতার ইঙ্গিত দিচ্ছে। একসময় যে প্রতিষ্ঠানগুলো বৈদ্যুতিক ও স্বচালিত গাড়ির প্রযুক্তিতে টেসলাকে অনুসরণ বা চ্যালেঞ্জ করেছিল, তাদের অনেকেই এখন পরবর্তী বড় বাজার হিসেবে হিউম্যানয়েড রোবটের দিকে নজর দিচ্ছে।

সূত্র: টেকক্রাঞ্চ


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন