ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের অর্থ উপকূলীয় অবকাঠামো শক্তিশালীকরণ ও জলবায়ুবান্ধব কৃষিতে ব্যয় হবে
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলের সহনশীলতা বাড়াতে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) থেকে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে এ অর্থায়নের জন্য বিবেচিত পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। বরাদ্দ পাওয়া অর্থ উপকূলীয় অবকাঠামো শক্তিশালী করা এবং জলবায়ুবান্ধব কৃষি কার্যক্রম সম্প্রসারণে ব্যবহার করা হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টায় তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ৩১)-এর ব্লু জোনের জোন ডি-৩-এ অবস্থিত প্রেস কনফারেন্স রুম-১-এ বাংলাদেশ প্রতিনিধিদলের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশ
পরিবেশমন্ত্রী বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম হলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা বৃদ্ধি ও তাপপ্রবাহের মতো দুর্যোগ মানুষের জীবন-জীবিকা, কৃষি, অবকাঠামো এবং উন্নয়ন অর্জনকে হুমকির মুখে ফেলছে।
বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) ২০২৬ সালের হালনাগাদ তথ্য তুলে ধরে তিনি বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক্-শিল্পায়ন যুগের তুলনায় প্রায় ১ দশমিক ৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
নিঃসরণ কমাতে বাংলাদেশের লক্ষ্যমাত্রা
আবদুল আউয়াল মিন্টু বলেন, সীমিত সম্পদ থাকা সত্ত্বেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উচ্চাভিলাষী পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশের তৃতীয় জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে প্রচলিত কার্যক্রম অব্যাহত থাকার পরিস্থিতির তুলনায় নিজস্ব সক্ষমতায় ৬ দশমিক ৩৯ শতাংশ এবং আন্তর্জাতিক সহায়তা সাপেক্ষে অতিরিক্ত ১৩ দশমিক ৯২ শতাংশ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন, বৃক্ষরোপণ, খাল পুনরুদ্ধার, আগাম সতর্কীকরণ ব্যবস্থা শক্তিশালীকরণ এবং স্থানীয় জনগোষ্ঠীনির্ভর অভিযোজন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
উন্নত দেশগুলোর অর্থায়ন বাড়ানোর দাবি
জলবায়ু অর্থায়নের ওপর গুরুত্বারোপ করে পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় উন্নত দেশগুলোর প্রতিশ্রুত অর্থায়ন নিশ্চিত করা জরুরি। স্বল্পোন্নত দেশগুলোর জোট ২০৩৫ সালের আগেই অভিযোজন অর্থায়ন তিন গুণ বাড়িয়ে বছরে ১২০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার দাবি জানিয়েছে। বাংলাদেশ এ দাবির প্রতি সমর্থন জানায়।
একই সঙ্গে গ্রিন ক্লাইমেট ফান্ড, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি ও অ্যাডাপটেশন ফান্ড থেকে অর্থ পাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান তিনি। ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সরাসরি ও অনুদানভিত্তিক অর্থায়নের সুযোগ বাড়ানোরও দাবি জানান।
তিনি বলেন, জলবায়ু অভিযোজন কার্যক্রম শুধু পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; মাঠপর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। জাতীয় অভিযোজন পরিকল্পনার বাস্তবায়ন ত্বরান্বিত করার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীনির্ভর উদ্যোগ সম্প্রসারণ জরুরি।
বৈশ্বিক অভিযোজন লক্ষ্য বাস্তবায়নে বেলেম অভিযোজন সূচক ও বেলেম-আদ্দিস ভিশন কার্যকর করার ওপরও গুরুত্ব দেন তিনি। এ ক্ষেত্রে আন্তর্জাতিক অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধির সহায়তাকে অপরিহার্য বলে উল্লেখ করেন।
ক্ষয়ক্ষতি মোকাবিলায় তহবিল বাড়ানোর আহ্বান
জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি প্রসঙ্গে আবদুল আউয়াল মিন্টু বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, বরং বর্তমান বাস্তবতা। ক্ষয়ক্ষতি মোকাবিলায় গঠিত ফান্ড ফর রেসপন্ডিং টু লস অ্যান্ড ড্যামেজে জমা পড়া প্রকল্প প্রস্তাবের তুলনায় বিদ্যমান অর্থ অপর্যাপ্ত।
এ অবস্থায় তহবিলে উন্নত দেশগুলোর অবদান বাড়ানো, অর্থপ্রাপ্তির প্রক্রিয়া সহজ করা, দ্রুত অর্থ ছাড় এবং অর্থনৈতিক ও অর্থনৈতিক-বহির্ভূত ক্ষতি মোকাবিলায় কার্যকর সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
প্রশমন ও ন্যায্য রূপান্তরের ওপর গুরুত্ব
পরিবেশমন্ত্রী বলেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর কার্যক্রম জোরদার করা জরুরি। বাংলাদেশ ২০২৬ সালের পরেও প্রশমন কর্মসূচি অব্যাহত রেখে ২০৩০ সাল পর্যন্ত কার্যকর করার পক্ষে। এ ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোকে পর্যাপ্ত অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধির সহায়তা দিতে হবে।
ন্যায্য রূপান্তরের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জলবায়ুবান্ধব অর্থনীতি ও জ্বালানি ব্যবস্থায় রূপান্তরের সময় শ্রমিক, কৃষক, নারী, তরুণ, অনানুষ্ঠানিক খাতের কর্মী এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বার্থ সুরক্ষিত রাখতে হবে। শোভন কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং পরিচ্ছন্ন প্রযুক্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করে অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সংগত রূপান্তর বাস্তবায়ন করতে হবে।
কপ৩১ সম্মেলনে বাংলাদেশের প্রত্যাশা
কপ৩১-এর চলমান আলোচনা প্রসঙ্গে পরিবেশমন্ত্রী বলেন, সম্মেলনের প্রথম চার দিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এগিয়েছে। তবে বেশ কিছু বিষয়ে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর জোট, জি-৭৭ ও চীন এবং অন্যান্য সহযোগী দেশের সঙ্গে সমন্বয় করে উচ্চাভিলাষী, ন্যায়সংগত ও ভারসাম্যপূর্ণ ফলাফল অর্জনে কাজ করছে।
তিনি আশা প্রকাশ করেন, কপ৩১ সম্মেলন থেকে জলবায়ু অর্থায়ন বৃদ্ধি, অভিযোজন কার্যক্রম বাস্তবায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা তহবিল শক্তিশালীকরণ, কার্যকর প্রশমন কর্মসূচি অব্যাহত রাখা, প্রযুক্তি হস্তান্তর এবং ন্যায্য রূপান্তরের বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত আসবে।
সংবাদ সম্মেলনের শুরুতে কপ৩১ আয়োজনের জন্য তুরস্ক সরকার ও জনগণকে ধন্যবাদ জানান পরিবেশমন্ত্রী। পাশাপাশি সম্মেলনের সভাপতিত্বকারী কর্তৃপক্ষ এবং আলোচনা প্রক্রিয়ায় সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী অস্ট্রেলিয়ার প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিতি
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, সংসদ সদস্য মানসুরা আক্তার এবং অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ। এ সময় বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য এবং দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

