পটুয়াখালীর বাউফলে জ্বালানি তেলের সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে লিফলেট বিতরণ করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক খলিলুর রহমান। রোববার (১৮ অক্টোবর) সকালে তাঁর নেতৃত্বে বাউফল পৌরশহরের বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করা হয়।
এ সময় পৌরশহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। জ্বালানি তেলের সংকটের কারণে সাধারণ মানুষ, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ীরা যেন ভোগান্তিতে না পড়েন, সে জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
লিফলেট বিতরণকালে খলিলুর রহমান বলেন, জ্বালানি তেল মানুষের দৈনন্দিন জীবন, পরিবহনব্যবস্থা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ খাতে সংকট দেখা দিলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হয়। তাই জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, জ্বালানি তেল নিয়ে যাতে কৃত্রিম সংকট সৃষ্টি না হয় এবং কেউ অবৈধভাবে মজুত বা অতিরিক্ত দামে বিক্রি করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানো প্রয়োজন।
এ সময় স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক করা এবং জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নেবে—এমন প্রত্যাশা করেন আয়োজকেরা।

