বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সচিবালয় মেট্রো স্টেশনে ৯ মাসের শিশু উদ্ধার, আটক ব্যক্তি

রাজধানীর সচিবালয় মেট্রোরেল স্টেশনে ৯ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এ ঘটনায় রানা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে এমআরটি পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্টেশনে দায়িত্ব পালনকালে আনসার সদস্য মো. শাহিন মিয়া এক ব্যক্তিকে কান্নারত শিশুকে নিয়ে সন্দেহজনকভাবে দ্রুত প্ল্যাটফর্মে নামতে দেখেন। শিশুটির অবিরাম কান্না এবং ওই ব্যক্তির আচরণে সন্দেহ হলে শাহিন মিয়াসহ উপস্থিত যাত্রীরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। তবে তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি। একপর্যায়ে তিনি স্টেশন থেকে পালানোর চেষ্টা করেন।

পরে আনসার সদস্য শাহিন মিয়া তাঁকে আটক করেন। খবর পেয়ে স্টেশনে দায়িত্বে থাকা অঙ্গীভূত আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো. রিপন বেপারী ঘটনাটি সংশ্লিষ্ট কন্ট্রোলারকে জানান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইনি প্রক্রিয়া ও জিজ্ঞাসাবাদের জন্য আটক ব্যক্তি ও শিশুটিকে এমআরটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আনসার সদস্যদের উপস্থিতিতে পুলিশি জিজ্ঞাসাবাদে রানা শিশুটিকে ক্যান্টনমেন্ট এলাকার একটি বস্তি থেকে চুরি করে আনার কথা স্বীকার করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে, উদ্ধার হওয়া শিশুটির অভিভাবকদের শনাক্ত করে তাদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আনসার বাহিনী।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, মেট্রোরেলসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন।

তবে শিশুটির পরিচয়, ঘটনার বিস্তারিত এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে সংবাদটি আরও হালনাগাদ করা যাবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন