শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

কেশবপুরে ভিডিপির বিচক্ষণতায় ৮ মাসের পলাতক আসামি পুলিশের হাতে

যশোরের কেশবপুরে প্রায় আট মাস ধরে আত্মগোপনে থাকা আদালতের সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে শনাক্ত করে পুলিশের কাছে হস্তান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আনসার-ভিডিপির দুই দলনেতা।

আটক আসামির নাম মো. হান্নান সরদার। তিনি কেশবপুর উপজেলার বরণডালি, সরসকাঠি গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে আদালতের কারাদণ্ডের আদেশসহ গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন আত্মগোপনে থাকায় পুলিশ তাকে গ্রেফতারে চেষ্টা চালিয়ে আসছিল।

স্থানীয় পর্যায়ে দায়িত্ব পালনের সময় কেশবপুর উপজেলার ২ নম্বর সাগরদাড়ি ও ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়নের ভিডিপি দলনেতারা ওই আসামির অবস্থান সম্পর্কে তথ্য পান। পরে স্থানীয়ভাবে পাওয়া তথ্য যাচাই করে তারা সতর্কতা ও বিচক্ষণতার সঙ্গে আত্মগোপনে থাকা হান্নান সরদারের অবস্থান শনাক্ত করেন।

এরপর তাকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পুলিশ তাকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠায়।

আসামিকে শনাক্ত ও পুলিশের কাছে হস্তান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কেশবপুর উপজেলার ২ নম্বর সাগরদাড়ি ইউনিয়নের ভিডিপি দলনেতা মো. আলী হোসেন এবং ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়নের ভিডিপি দলনেতা তালিব হোসাইন।

আনসার-ভিডিপির সংশ্লিষ্টরা জানান, স্থানীয় পর্যায়ে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভিডিপি সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করে থাকেন। কেশবপুরে দীর্ঘদিন আত্মগোপনে থাকা পরোয়ানাভুক্ত আসামিকে শনাক্ত করে পুলিশের কাছে হস্তান্তরের ঘটনাটি তাদের দায়িত্বশীলতা ও তৎপরতার একটি দৃষ্টান্ত।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন