বুধবার, ২৬ আগস্ট ২০২৬

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি, প্রশিক্ষণার্থীদের মাঝে ৩৭৫ চারা বিতরণ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশব্যাপী সবুজায়ন কার্যক্রমকে আরও বেগবান করতে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। জেলার ছয়টি উপজেলায় একযোগে চলমান ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের অংশ হিসেবে ৩৭৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে ৩৭৫টি ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (২৫ আগস্ট) নীলফামারী জেলা কমান্ড্যান্টের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বাংলাদেশকে একটি সবুজ ও পরিবেশবান্ধব আবাসভূমি হিসেবে গড়ে তুলতে সরকারের গৃহীত বৃহৎ বৃক্ষরোপণ উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশজুড়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সম্পৃক্ত করে সবুজায়ন কার্যক্রম জোরদার করা হচ্ছে। এ লক্ষ্যে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদের নেতৃত্বে মাঠপর্যায়ে বিভিন্ন পরিবেশ ও জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় নীলফামারীর ছয়টি উপজেলায় চলমান ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রথম ধাপের নবম দিনে প্রশিক্ষণার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা তুলে দেওয়া হয়। কর্মসূচির আওতায় প্রত্যেক প্রশিক্ষণার্থীকে একটি করে চারা দেওয়া হয়, যা তারা প্রশিক্ষণ শেষে নিজ নিজ বাড়ি ও আশপাশের উপযুক্ত স্থানে রোপণ করেন।

চারাগুলো হাতে পেয়ে প্রশিক্ষণার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। প্রশিক্ষণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের গুরুত্ব সম্পর্কে তাদের সচেতন করে তোলার উদ্দেশ্যেও এ উদ্যোগ নেওয়া হয়।

আয়োজকদের আশা, প্রশিক্ষণার্থীরা শুধু নিজ নিজ চারা রোপণ ও পরিচর্যাতেই সীমাবদ্ধ থাকবেন না; বরং পরিবার, প্রতিবেশী ও স্থানীয় জনগণকেও বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করবেন। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে পরিবেশ সচেতনতা আরও জোরদার হবে এবং বৃক্ষরোপণ কার্যক্রম একটি সামাজিক আন্দোলনে রূপ নিতে পারে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্য দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্তৃত একটি বৃহৎ নেটওয়ার্ক হিসেবে কাজ করছে। সংশ্লিষ্টদের মতে, এই বিশাল সদস্যভিত্তিকে পরিকল্পিতভাবে সবুজায়ন কার্যক্রমে সম্পৃক্ত করা গেলে জাতীয় পর্যায়ে বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সামাজিক দায়বদ্ধতা, পরিবেশ সচেতনতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে আনসার-ভিডিপি ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গণমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বাহিনীর মাঠপর্যায়ের সক্রিয়তার মাধ্যমে দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রত্যয়ে নীলফামারীতে বাস্তবায়িত কর্মসূচিটি পরিবেশ সংরক্ষণে তৃণমূল পর্যায়ের মানুষকে সম্পৃক্ত করার একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন