রাজধানীর মিরপুর ডিওএইচএসে অবস্থিত বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানের আরেকটি ফ্ল্যাটে ইনভেন্টরি কার্যক্রম পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপ-পরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালনা করছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম।
দুদক সূত্র জানায়, মিরপুর ডিওএইচএসের রোড-৩১-এর প্লট নম্বর ৫৪১-এর এল-৩-ফ্ল্যাটে এ কার্যক্রম চলছে। অভিযানের সময় ফ্ল্যাটে থাকা বিভিন্ন আসবাব, মূল্যবান সামগ্রী এবং সংশ্লিষ্ট নথিপত্রের তালিকা প্রস্তুত করা হচ্ছে।
দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, এটি চলমান ইনভেন্টরি প্রক্রিয়ার অংশ। তালিকা তৈরির কাজ শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
এর আগে গত ৩০ জুলাই রাজধানীর জলসিঁড়ি এলাকায় অবস্থিত জিয়াউল আহসানের আটতলা ভবনেও একই ধরনের ইনভেন্টরি কার্যক্রম পরিচালনা করে দুদক। সংস্থাটি তার সম্পদ-সংক্রান্ত তথ্য ও নথিপত্র যাচাইয়ের অংশ হিসেবে ধারাবাহিকভাবে এসব কার্যক্রম পরিচালনা করছে।

