বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। বুধবার বৈরুতে বাংলাদেশের দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত সোমবার একই এলাকায় পৃথক ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হন। সব মিলিয়ে এ পর্যন্ত চার বাংলাদেশির মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে।

দূতাবাস জানিয়েছে, গত ১১ মে রাতে নাবাতিয়ের মাইফাদুন এলাকায় একটি আবাসস্থলে ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার শ্রী শুভ কুমার দাস ও নরসিংদীর করিম মিয়া নিহত হন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

বুধবার লেবানিজ আর্মি ও লেবানিজ রেডক্রসের সহায়তায় হামলাস্থল থেকে একটি অঙ্গবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়। প্রতিবেশী প্রবাসী বাংলাদেশি কর্মী রাজিব মরদেহটি শুভ কুমার দাসের বলে শনাক্ত করেন। বর্তমানে মরদেহটি নাবাতিয়ের নাযদ হাসপাতালে রাখা হয়েছে।

একই হামলায় নিহত করিম মিয়ার মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে নিরাপত্তা ঝুঁকির কারণে এখন পর্যন্ত লেবানিজ আর্মি ও রেডক্রস উদ্ধার অভিযান পরিচালনা করতে পারেনি। দূতাবাস জানিয়েছে, মরদেহ উদ্ধারে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে তাদের যোগাযোগ অব্যাহত রয়েছে।

এর আগে সোমবার দক্ষিণ লেবাননে আরেক ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছিল দূতাবাস। চলমান উত্তেজনা ও সংঘাতের মধ্যে লেবাননে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন