অনুসরণ করুন:
রবিবার, ৩ মে ২০২৬

ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ নেই, তবে নজরদারি জোরদার—ডিএমপি

রাজধানী ঢাকায় আগের মতো বড় ধরনের শীর্ষ সন্ত্রাসীদের অস্তিত্ব নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তবে অপরাধ জগতে নতুন করে প্রভাব বিস্তারের চেষ্টা করা ব্যক্তি বা গোষ্ঠীগুলোকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে বলে তিনি জানান।

শনিবার (২ মে) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার বলেন, অতীতে সক্রিয় থাকা বড় অপরাধী চক্র এখন আর নেই। তবে তাদের সহযোগী বা নতুন গোষ্ঠী যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য নিয়মিত মনিটরিং ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। কেউ অপরাধে জড়ানোর চেষ্টা করলে শুরুতেই তা দমন করা হবে।

তিনি আরও জানান, রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। কারওয়ান বাজার এলাকায় স্থাপিত নতুন পুলিশ ক্যাম্পটি চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্যাম্পে সার্বক্ষণিক পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

মো. সরওয়ার বলেন, ঢাকা মহানগরীতে ইতোমধ্যে চাঁদাবাজি ও মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু হয়েছে। এসব অভিযানে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় গোপন নজরদারি জোরদার করা হয়েছে এবং সিনিয়র কর্মকর্তাদের নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।

থানায় সেবা না পাওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কোনো থানায় মামলা গ্রহণ না করলে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট জোনাল সহকারী পুলিশ কমিশনার (এসি), ডেপুটি কমিশনার (ডিসি) বা ডিএমপির ক্রাইম বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পুলিশের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন