বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

মার্কিন নৌ-অবরোধকে ‘ব্যর্থ’ বলল ইরান, ট্রাম্পের মন্তব্যে তেহরানের কটাক্ষ

ইরানের তেল রপ্তানি বন্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ-অবরোধ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর দেওয়া ভবিষ্যৎবাণীকে তীব্রভাবে সমালোচনা করেছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ওয়াশিংটনের এ কৌশলকে ‘ব্যর্থ’ আখ্যা দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের নীতির কারণেই বিশ্ববাজারে তেলের দাম অস্থির হয়ে উঠছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) NDTV-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গালিবাফ দাবি করেন, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের প্রভাবেই বিশ্ববাজারে তেলের দাম ইতোমধ্যে ব্যারেলপ্রতি ১২০ ডলার ছাড়িয়েছে এবং তা ১৪০ ডলারে পৌঁছাতে পারে। তিনি বলেন, “সমস্যা তত্ত্বে নয়, সমস্যা তাদের মানসিকতায়।”

সামাজিক যোগাযোগমাধ্যম X-এ দেওয়া এক ব্যঙ্গাত্মক পোস্টে তিনি ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে কটাক্ষ করেন। গালিবাফ লেখেন, “ট্রাম্পের ভবিষ্যৎবাণী অনুযায়ী তিন দিন পার হয়ে গেছে, কিন্তু ইরানের কোনো তেলকূপই বিস্ফোরিত হয়নি। চাইলে এই সময়সীমা ৩০ দিন পর্যন্ত বাড়িয়ে লাইভস্ট্রিম করা যেতে পারে।”

মূলত গত ২৬ এপ্রিল ট্রাম্প দাবি করেছিলেন, কয়েক দিনের মধ্যেই ইরানের তেল স্থাপনাগুলোতে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। নির্ধারিত সময় পার হলেও তেমন কোনো ঘটনা না ঘটায় ইরান এ মন্তব্যকে বিদ্রূপের সুরে প্রত্যাখ্যান করেছে।

এদিকে হরমুজ প্রণালি অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর তৎপরতার ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার পাশাপাশি মুদ্রাস্ফীতির ঝুঁকিও বাড়ছে।

ইরানের দাবি, পশ্চিমা দেশগুলোর এ ধরনের অবরোধমূলক পদক্ষেপ তাদের ওপর চাপ সৃষ্টি করলেও বাস্তবে তা বৈশ্বিক তেলবাজারকেই আরও অস্থিতিশীল করে তুলছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন