বুধবার, ২৬ আগস্ট ২০২৬

অবৈধ পথে বিদেশযাত্রা ঠেকাতে দালালদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রবাসী কল্যাণ মন্ত্রীর

 অবৈধ পথে বিদেশযাত্রা এবং দালালদের প্রতারণার ফাঁদ প্রতিরোধে সংশ্লিষ্টদের কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, যেসব দালালের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকেরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ ও অবৈধ উপায়ে বিদেশযাত্রা প্রতিরোধে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বৈধভাবে বিদেশ যাওয়ার পাশাপাশি কাজ ও ভাষা শিখে দক্ষ হয়ে বিদেশ যাওয়াও সমান গুরুত্বপূর্ণ। সুনামগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ভাষা শিক্ষার কোর্স পরিচালনার জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করা হলে মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেওয়া হবে।

অবৈধ অভিবাসন রোধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সুনামগঞ্জের সব মসজিদ, মন্দির ও গির্জায় ধর্মীয় নেতাদের মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ উপায়ে বিদেশ যাওয়ার ভয়াবহতা এবং বৈধভাবে বিদেশ যাওয়ার সুফল তুলে ধরতে হবে। এই সচেতনতামূলক আন্দোলনের সূচনা সুনামগঞ্জ থেকেই হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ বলেন, বৈধ সুযোগের অভাবে অনেকেই অবৈধভাবে ইউরোপে যাওয়ার ঝুঁকি নিচ্ছেন। তবে আইএলও’র ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ প্রকল্পের মাধ্যমে বর্তমানে ইতালিতে যাওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে।

মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শহীদুল ইসলাম চৌধুরী সভায় একটি বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে তিনি সুনামগঞ্জের যুবকদের অবৈধভাবে ইউরোপে যাওয়ার ভয়াবহ চিত্র তুলে ধরেন। তিনি জানান, বিগত বছরগুলোতে অবৈধ পথে ইউরোপে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান শীর্ষ সারিতে রয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। বিদেশি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাতের সময় বাংলাদেশিদের অবৈধভাবে বিদেশযাত্রা নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় বলেও তিনি উল্লেখ করেন।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এবং সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী।

এছাড়া সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান, সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনসহ সুনামগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন