বুধবার, ২৬ আগস্ট ২০২৬

পরিচয় গোপন রেখে চাঁদাবাজির অভিযোগ জানানোর প্ল্যাটফর্ম ‘চাঁন্দাবিডি ডটকম’ চালু

দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অবৈধ অর্থ দাবি এবং সেবা বা ব্যবসায়িক কার্যক্রমকে কেন্দ্র করে আর্থিক হয়রানির অভিযোগ নথিবদ্ধ করতে চালু হয়েছে নতুন অনলাইন প্ল্যাটফর্ম ‘চাঁন্দাবিডি ডটকম’ (chandabd.com)। প্ল্যাটফর্মটির মাধ্যমে ভুক্তভোগীরা নিজেদের নাম-পরিচয় গোপন রেখে চাঁদাবাজি বা অবৈধ অর্থ দাবির বিভিন্ন অভিজ্ঞতা ও অভিযোগ জানাতে পারবেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই নাগরিক-রিপোর্টিং প্ল্যাটফর্ম চালুর তথ্য জানানো হয়।

সংশ্লিষ্টরা জানান, বিদেশের বিভিন্ন নাগরিক-রিপোর্টিং প্ল্যাটফর্মের ধারণা থেকে অনুপ্রেরণা নিয়ে এবং ঘুষের অভিযোগ নথিবদ্ধ করার প্ল্যাটফর্ম ‘ঘুষ ডট সাইট’-এর অভিজ্ঞতার ভিত্তিতে ‘চাঁন্দাবিডি ডটকম’ তৈরি করা হয়েছে।

প্ল্যাটফর্মটিতে নাগরিকরা পরিচয় প্রকাশ না করেই চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন, নির্মাণকাজ, ব্যবসা-বাণিজ্য কিংবা বিভিন্ন সেবা গ্রহণকে কেন্দ্র করে অবৈধ অর্থ দাবির মতো ঘটনার তথ্য জমা দিতে পারবেন।

অভিযোগ জমা দেওয়ার ক্ষেত্রে ঘটনার স্থান, সময়, সংশ্লিষ্ট খাত বা ঘটনার ধরন, দাবিকৃত অর্থের পরিমাণ এবং ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন অঞ্চল ও খাতে চাঁদাবাজি বা অবৈধ অর্থ দাবির অভিযোগের একটি প্রাথমিক চিত্র তৈরি হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

তবে ওয়েবসাইট কর্তৃপক্ষ জানিয়েছে, প্ল্যাটফর্মে জমা পড়া কোনো তথ্যকে আদালতগ্রাহ্য প্রমাণ, তদন্তের ফলাফল কিংবা কোনো ব্যক্তির বিরুদ্ধে যাচাইকৃত অপরাধের ঘোষণা হিসেবে বিবেচনা করা যাবে না। এটি মূলত নাগরিকদের অভিজ্ঞতা ও অভিযোগ দায়িত্বশীলভাবে নথিবদ্ধ করার একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম।

উদ্যোক্তাদের ভাষ্য, এর মাধ্যমে কোন এলাকা বা কোন খাতে এ ধরনের অভিযোগ তুলনামূলক বেশি আসছে, সে বিষয়ে একটি প্রাথমিক ধারণা পাওয়া সম্ভব হবে। একই সঙ্গে চাঁদাবাজি ও অবৈধ অর্থ দাবির মতো সমস্যাগুলো নিয়ে জনসচেতনতা তৈরির ক্ষেত্রেও এটি ভূমিকা রাখতে পারে।

ভুল তথ্য, ব্যক্তিগত আক্রমণ এবং কারও ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা এড়াতে অভিযোগগুলো প্রকাশের আগে মডারেশনের আওতায় আনা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে ব্যক্তিগত ঠিকানা, ফোন নম্বর কিংবা ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নয়—এমন ব্যক্তিগত পরিচয় প্রকাশ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ জমা পড়লেও সেটিকে প্রমাণিত তথ্য বা অপরাধের ঘোষণা হিসেবে উপস্থাপন করা হবে না বলেও জানানো হয়েছে।

‘চাঁন্দাবিডি ডটকম’ কর্তৃপক্ষ জানিয়েছে, কাউকে অপমান, হয়রানি বা অপরাধী হিসেবে চিহ্নিত করা এই উদ্যোগের উদ্দেশ্য নয়। বরং নাগরিকদের অভিজ্ঞতা দায়িত্বশীলভাবে নথিবদ্ধ করা, চাঁদাবাজি ও অবৈধ অর্থ দাবির ধরন সম্পর্কে একটি সামগ্রিক চিত্র তুলে ধরা এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে সমস্যাগুলোর ধরন নিয়ে আসাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

সংশ্লিষ্টরা আশা করছেন, পরিচয় গোপন রেখে অভিযোগ জানানোর সুযোগ থাকায় চাঁদাবাজি ও আর্থিক হয়রানির শিকার ব্যক্তিরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরতে আরও স্বাচ্ছন্দ্যবোধ করবেন। এর মাধ্যমে নাগরিক অংশগ্রহণের ভিত্তিতে এ ধরনের অভিযোগ ও সমস্যার একটি তথ্যভিত্তিক চিত্র গড়ে উঠতে পারে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন