ইরান যুদ্ধকে কেন্দ্র করে হরমুজ প্রণালীতে চলমান অবরোধের কারণে উপসাগরীয় অঞ্চলে প্রায় ১ হাজার ৫০০ জাহাজ এবং প্রায় ২০ হাজার নাবিক আটকা পড়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)।
বৃহস্পতিবার পানামা সিটিতে অনুষ্ঠিত আমেরিকার সামুদ্রিক সম্মেলনে এ তথ্য জানান আরসেনিও ডোমিঙ্গেজ।
তিনি বলেন, “এই মুহূর্তে প্রায় ২০ হাজার নাবিক ও ১ হাজার ৫০০ জাহাজ আটকা রয়েছে।”
আইএমও প্রধান জানান, বিশ্বের মোট পণ্যের ৮০ শতাংশের বেশি সমুদ্রপথে পরিবহন হয়। কিন্তু চলমান সংঘাতের কারণে নিরীহ নাবিকরা গুরুতর ঝুঁকির মধ্যে পড়েছেন।
ডোমিঙ্গেজ বলেন, “এই নাবিকরা প্রতিদিন বিভিন্ন দেশের স্বার্থে কাজ করেন। কিন্তু নিজেদের নিয়ন্ত্রণের বাইরে থাকা ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে তারা আটকা পড়েছেন।”
তিনি আরও জানান, সংঘাত শুরুর পর এখন পর্যন্ত ৩০টির বেশি জাহাজে হামলার ঘটনায় অন্তত ১০ জন নাবিক নিহত হয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এর জবাবে তেহরান হরমুজ প্রণালীতে নৌ চলাচলে অবরোধ আরোপ করে। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে আগে বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হতো।
অবরোধের কারণে বিশ্ববাজারে জ্বালানির দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে নৌ-অভিযান শুরুর ঘোষণা দিলেও পরে সেই পরিকল্পনা স্থগিত করা হয়।
বর্তমানে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রস্তাবে ইরানের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন।

