অনুসরণ করুন:
মঙ্গলবার, ৫ মে ২০২৬

গণনাকেন্দ্রে উত্তেজনার মধ্যে অভিযোগ তুলে কেন্দ্র ছাড়লেন মমতা ব্যানার্জি

পশ্চিমবঙ্গের ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোট গণনাকে ঘিরে সোমবার দিনভর টানটান উত্তেজনা বিরাজ করে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী–এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কখনও একজন, কখনও অন্যজন এগিয়ে ছিলেন। শেষ দিকে ব্যবধান কমে আসায় পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে ওঠে।

এমন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে স্থাপিত গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে যান মমতা ব্যানার্জি। বেরিয়ে এসে তিনি অভিযোগ করেন, তাকে গণনাকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি এবং সেখানে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতেই তাকে ধাক্কা দেওয়া ও মারধরের মতো ঘটনা ঘটেছে।

মমতা ব্যানার্জি আরও দাবি করেন, রাজ্যের একাধিক আসনে অনিয়ম হয়েছে এবং শতাধিক আসনে ‘ভোট লুট’ হয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন এবং অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাননি।

দিনের শুরু থেকেই গণনাকেন্দ্র ও এর আশপাশে রাজনৈতিক কর্মী-সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়। মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছালে বিরোধী পক্ষের সমর্থকদের স্লোগান দিতে দেখা যায়। পরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ও বাকবিতণ্ডার ঘটনাও ঘটে। কিছু স্থানে ভাঙচুরের অভিযোগও উঠে এসেছে।

ফলাফল ঘোষণা শেষ হওয়ার আগেই এমন পরিস্থিতি তৈরি হওয়ায় নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এ বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন