রাজধানীর কদমতলী পাটেরবাগ এলাকায় ছুরিকাঘাতে শান্ত আহমেদ বাবু (৩০) নামে এক যুবক খুন হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিহতের বন্ধু রাকিব ও তন্ময় জানান, বাবুর বাড়ি শনিরআখড়া মৃধাবাড়ি এলাকায়। বাবার নাম মৃত সদর আলী। বাবু একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সোমবার রাত ৯টার দিকে পাটেরবাগ আল আকসা মসজিদের গলিতে একই এলাকার এক কিশোরের সঙ্গে তার তর্কাতর্কি হয়। এক পর্যায়ে ওই কিশোর বাবুর গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় বাবুকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হলেও বাঁচানো যায়নি। তবে ঠিক কী নিয়ে তর্ক হয়েছিল, তা স্পষ্ট করতে পারেননি বন্ধুরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিহতের গলার বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানায়, হত্যাকারীকে শনাক্তের চেষ্টা চলছে এবং তাকে দ্রুত গ্রেফতার করা হবে।

