বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

দিয়াবাড়ি বিমান বিধ্বস্তে দগ্ধ তাসনিয়ার মৃত্যু, মৃতের সংখ্যা ২০

রাজধানীর দিয়াবাড়িতে বিমান বিধ্বস্তে দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরও একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এক মাস ধরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকার পর শনিবার সকাল ৮টার দিকে মারা যায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনিয়া (১৫)।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার। তিনি জানান, বিস্ফোরণে তাসনিয়ার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তার মৃত্যু হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, এই ঘটনায় এখনো আরও ২২ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর আগে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৯ জন। তাসনিয়া নিহত হওয়ার পর এ ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২০। ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৪ জন।

নিহত তাসনিয়ার বাবা মো. নাজমুল হোসেন জানান, তার মেয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণিতে পড়ত।

দিয়াবাড়ি বিমান দুর্ঘটনায় প্রাণহানির মিছিল বাড়তে থাকায় শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবার ও সহপাঠীদের মধ্যে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন