বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

সমৃদ্ধ দেশ বিনির্মাণে সাংবাদিকদের বিবেকের দায়বদ্ধতা গুরুত্বপূর্ণ — ক্র্যাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সত্য ও নির্ভীক সাংবাদিকতাই সমৃদ্ধ দেশের ভিত্তি গড়ে তোলে। জাতির বিবেক হিসেবে সাংবাদিকদের বিবেকের কাছে দায়বদ্ধ থাকা অপরিহার্য।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, বিএনপি নেতা মীর নেওয়াজ আলী নেওয়াজ, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন, পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন, ডিএসইউ সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশিদ আলম, ভারতীয় হাইকমিশনের প্রেস অফিসার তন্ময় সিংহ, ডিএমপি মিডিয়ার সহকারী কমিশনার তারেক লতিফ প্রমুখ। সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্।

সাবেক সভাপতি ফখরুল আলম কাঞ্চন, এস এম আবুল হোসেন, আবুল খায়ের, মিজান মালিকসহ সংগঠনের সাবেক নেতারা এবং উপদেষ্টা কামরুল হাসান শুভেচ্ছা বক্তব্য দেন। উপস্থিত ছিলেন ক্র্যাবের সিনিয়র সদস্য গাফফার মাহমুদ, বেলায়েত হোসেন, প্যাট্রিক ডি কস্তা, আহমেদ আতিকসহ আরও অনেকে।

অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, আজকের সমাজে বড় সংকট সাহসী সাংবাদিকতার অভাব। সাদাকে সাদা ও কালোকে কালো বলা এখনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি একুশে পদকপ্রাপ্ত ‘আমার দেশ’-এর সম্পাদক মাহমুদুর রহমানকে নির্ভীক সাংবাদিকতার দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। তার মতে, সাংবাদিকদের নৈতিকতা, অনমনীয়তা ও সততা ক্র্যাবকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।

বিএনপি নেতা মীর নেওয়াজ আলী নেওয়াজ বলেন, ন্যায়–অন্যায়ের লড়াইয়ে সাংবাদিকরা সবসময় জাতির বিবেকের ভূমিকা পালন করেন। ক্র্যাব সেই ঐতিহ্য ধারণ করে এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এনসিপির মুশফিক উস সালেহীন বলেন, সাংবাদিকরা যেন কোনো প্রভাবমুক্ত থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন। রাষ্ট্রীয় সংস্থার প্রভাবাধীন হয়ে সংবাদ প্রকাশ সমাজে বিভ্রান্তি ছড়ায়, যা এড়িয়ে চলা প্রয়োজন।

এছাড়া ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ অতিথিদের শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতেও সাংবাদিকতার মানোন্নয়নে একসঙ্গে থাকার আহ্বান জানান।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি সেগুনবাগিচার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিকেলে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ক্র্যাব সদস্য ও তাদের পরিবারের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। রাতের পর্বে ছিল ক্র্যাব নাইট, অভিষেক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন