সিলেটের জাফলংয়ে মোবাইল কোর্ট পরিচালিত এক অভিযানে পাথর বোঝাই ৫০টি নৌকা এবং বালুসহ ৫টি ট্রাক জব্দ করেছে প্রশাসন। সোমবার (২৭ জুলাই) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে অবৈধ খনিজ সম্পদ আহরণের অভিযোগে এসব নৌকা ও ট্রাক জব্দ করা হয়। একইসাথে সুনামগঞ্জের তাহিরপুর এলাকায় ২৪ জুলাই পরিচালিত অপর এক অভিযানে ৫ হাজার ২ শত ৫০ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত পাথর জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬২ হাজার ৫১০ টাকা।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং সরকারের রাজস্ব আদায় নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, অবৈধ খনিজ উত্তোলন ও পরিবহণে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো ছাড় দেওয়া হবে না।

