সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

পটুয়াখালীর কলাপাড়ায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৪৮ ঘন্টায় উপজেলার বিভিন্ন স্থান থেকে এদের গ্রেফতার করে মহিপুর থানা পুলিশ। এদের মধ্যে ৪ কিশোরও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

গ্রেফতারকৃতরা হল কুয়াকাটার যুবলীগ নেতা সাদ্দাম সিকদার (৩২), লতাচাপলী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান রিয়াজ (৫০), ওয়ার্ড যুবলীগ সভাপতি জামাল হাওলাদার (৫৬), যুবলীগ নেতা মজিবর হাওলাদার (৫২) এবং কিশোর তানভীর (১৭), মেশকাত (১৭), আরাফাত (১৬) ও সানাউল (১৭)।

মহিপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শনিবার রাত আটটার দিকে মহিপুর থানার ইউসুফপুর এলাকায় মশাল জ্বালিয়ে মিছিল করছিল। এসময় মশাল সহ তাদের হাতেনাতে আটক করা হয়। এছাড়া বাকিরা নিয়মিত মামলার সন্দিগ্ধ আসামি। এদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়া শনিবার রাতে মহিপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল্লাহ পাটোয়ারীর বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর, তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট করা হয় এবং এতে বাঁধা দিলে তার স্ত্রী ও বোনকে লাঞ্চিত করে বলে জানিয়েছে মহিবুল্লাহ পাটোয়ারী। এছাড়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলামের ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান সহ বসতবাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছে সূত্রটি।

এর আগে কলাপাড়া পৌর শহরের সাবেক এমপি প্রয়াত আনোয়ারুল ইসলাম, সাবেক এমপি মুহিববুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, সাবেক মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, আওয়ামীলীগ নেতা সালাম সরদারের বসতবাড়িতে হামলা ভাঙচুর করা হয় । এসব ঘটনায় পুলিশের কাছে কোন তথ্য নেই বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।

এদিকে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে কলাপাড়া, মহিপুর ও কুয়াকাটায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও প্রতিবাদ সভা অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন