রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

১ ডিসেম্বর বিএনপির সমাবেশে থাকছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

১ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশটি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হওয়ার কথা থাকলেও স্থান পরিবর্তন করে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) এ তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।

রিজভী বলেন, ১ ডিসেম্বর বিএনপির মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এতে যোগ দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মাসব্যাপী কর্মসূচির সূচি

বিএনপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ ডিসেম্বর উদ্বোধনী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাসব্যাপী আয়োজন শুরু হবে। এরপর ৩ ডিসেম্বর জাতীয়তাবাদী শ্রমিক দল, ৫ ডিসেম্বর জাতীয়তাবাদী ছাত্রদল এবং ৭ ডিসেম্বর জাতীয়তাবাদী যুবদলের কর্মসূচি রয়েছে।

এ ছাড়া ৬ ডিসেম্বর স্বৈরাচার এরশাদ পতন দিবস, ৮ ডিসেম্বর স্বেচ্ছাসেবক দল, ৯ ডিসেম্বর মহিলা দল এবং ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হবে। ১২ ডিসেম্বর কৃষক দলের কর্মসূচি এবং ১৩ ডিসেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

কর্মসূচির অংশ হিসেবে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন, ১৫ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হবে। ১৭ ডিসেম্বর বিজয় র‍্যালি এবং ১৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের সমাবেশ আয়োজনের কথা রয়েছে।

পরবর্তী সময়ে ২০ ডিসেম্বর স্বেচ্ছাসেবক দল, ২১ ডিসেম্বর যুবদল এবং ২২ ডিসেম্বর ছাত্রদলের কর্মসূচি রয়েছে। ২৩ ডিসেম্বর তাঁতী দল, মৎস্যজীবী দল, উলামা দল ও জাসাসের কর্মসূচি পালন করা হবে।

এ ছাড়া ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কর্মসূচি, ২৬ ডিসেম্বর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা এবং ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হবে।

সূচি অনুযায়ী, ২৮ ডিসেম্বর নাগরিক শোকসভা এবং ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শেষ হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন