প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে তিরানায় হাজারো মানুষের বিক্ষোভ
আলবেনিয়ায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। রাজধানী তিরানায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে পাথর ও পেট্রলবোমা ছুড়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) দেশটির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের মধ্যে এ বিক্ষোভ হয়। এদিন হাজারো বিক্ষোভকারী প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে জড়ো হন।
সংঘর্ষে উত্তাল রাজধানী
বিক্ষোভকারীদের কেউ কেউ মুখোশ পরে সরকারি ভবন লক্ষ্য করে পাথর ছোড়েন। একপর্যায়ে তারা প্রধানমন্ত্রী এদি রামার কার্যালয়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ বাধা দেওয়ায় তারা আর সামনে এগোতে পারেননি।
এ সময় বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। দুর্নীতি ও দারিদ্র্য কমানোর পাশাপাশি কর্মসংস্থান এবং শিক্ষার সুযোগ বাড়ানোর দাবি জানান তারা।
দুর্নীতি ও কর্মসংস্থান নিয়ে ক্ষোভ
সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কর্মসংস্থানের অভাব ও শিক্ষার নিম্নমান নিয়ে দেশটির মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। এসব ইস্যুতে গত অক্টোবরের মাঝামাঝি থেকে রাজধানী তিরানায় বিক্ষোভ শুরু হয়। পরে তা ছড়িয়ে পড়ে দেশটির অন্যান্য শহরেও।
একপর্যায়ে বিক্ষোভ সহিংস রূপ নেয়। বিক্ষোভকারীরা সরকারি ভবন ও ব্যাংকে আগুন দেন, দোকানের জানালা ভাঙচুর করেন এবং রাস্তার পাথর তুলে পুলিশের দিকে ছুড়ে মারেন।
শনিবারের বিক্ষোভেও একই ধরনের ঘটনা ঘটে। আন্দোলনে অংশ নেওয়া ৪৫ বছর বয়সী প্রকৌশলী এরালদা বাজে বলেন, দুর্নীতি, দারিদ্র্য ও দেশত্যাগের সমস্যা আর মেনে নেওয়া যায় না। অন্য বিক্ষোভকারীরাও উন্নত জীবন ও ভালো স্বাস্থ্যসেবার দাবি জানান।
সরকারের অবস্থান ও পাল্টা পদক্ষেপ
রামার সরকার দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে। একই সঙ্গে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। আন্দোলন থামাতে সরকার কিছু পদক্ষেপও নিয়েছে। এর মধ্যে রয়েছে কম দামে জ্বালানি সরবরাহ এবং দরিদ্র পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা বাড়ানো।
আগের আন্দোলনের ধারাবাহিকতায় নতুন বিক্ষোভ
গত গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সমর্থনপুষ্ট একটি বিলাসবহুল উপকূলীয় উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। কয়েক মাস ধরে চলা সেই আন্দোলনের পর এবার নতুন করে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে।
২০১৩ সাল থেকে ক্ষমতায় রয়েছেন এদি রামা। গত বছর তিনি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তবে দুর্নীতির অভিযোগ ও নানা অসন্তোষের কারণে তার সরকার এখন চাপের মুখে রয়েছে।
এদিকে, ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে আগ্রহী বলকান অঞ্চলের দেশগুলোর মধ্যে আলবেনিয়া এগিয়ে রয়েছে। ২০৩০ সালের মধ্যে জোটটিতে যোগ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি। তবে দুর্নীতির অভিযোগ ও চলমান সরকারবিরোধী বিক্ষোভ সেই লক্ষ্য অর্জনের পথে চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।
সূত্র: রয়টার্স

