শ্রমিক আন্দোলনের পর শিল্পাঞ্চলে শান্তিপূর্ণভাবে চলছে কার্যক্রম
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে টানা আন্দোলনের পর সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে অনেকটাই স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে। একই সঙ্গে শ্রম আইনের ১৩(১) ধারাসহ বিভিন্ন কারণে বন্ধ থাকা কারখানার সংখ্যাও কমেছে।
গত সপ্তাহে শিল্পাঞ্চলে শ্রম আইনের ১৩(১) ধারায় ২২টিসহ মোট ৪৫টি কারখানা বন্ধ ছিল। আজ সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৫টিতে। এর মধ্যে ১২টি কারখানা এখনো শ্রম আইনের ১৩(১) ধারায়, দুটি সাধারণ ছুটিতে এবং একটি অন্য কারণে বন্ধ রয়েছে।
কোথাও বিশৃঙ্খলার খবর নেই
সোমবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ সময় কোনো কারখানায় কর্মবিরতি পালনের তথ্যও মেলেনি।
তবে শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান অব্যাহত রয়েছে।
শান্তিপূর্ণ পরিবেশ অব্যাহত থাকার আশা
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ ও শান্তিপূর্ণ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা করছেন।

