আইজেনকোটের নেতৃত্বে সরকার গঠনের আলোচনা এগোচ্ছে; আগামী সপ্তাহেই নতুন সরকারের শপথের লক্ষ্য পরিবর্তন ব্লকের
ইসরায়েলের পরবর্তী সরকার গঠন থেকে ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোটকে ঠেকাতে ‘অলৌকিক কিছু’ প্রয়োজন বলে ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কেএএনের বরাতে জানা গেছে, গত দেড় দিনে নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন এমন ব্যক্তিদের কাছে মনে হয়েছে, তিনি ‘চরম হতাশাবাদী’ হয়ে পড়েছেন। তবে তাকে বিরোধী দলে ঠেলে দিতে পারে—এমন কোনো ‘পরিবর্তনের সরকার’ গঠন ঠেকাতে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
নেতানিয়াহুর শিবিরে হতাশা বাড়ছে
আইজেনকোটের নেতৃত্বে সরকার গঠন ঠেকানোর সম্ভাবনা নিয়ে সহযোগীদের নেতানিয়াহু বলেন, ‘আমি এক মুহূর্তের জন্যও আশা হারাচ্ছি না, তবে বর্তমান পরিস্থিতিতে কেবল কোনো অলৌকিক ঘটনাই আমাদের বাঁচাতে পারে।’
এদিকে ইসরায়েলি দৈনিক মারিভ বুধবার রাতে এক প্রতিবেদনে জানায়, নেসেটের (ইসরায়েলি পার্লামেন্ট) ১২০টি আসনের মধ্যে ২৭টি আসন থাকা নেতানিয়াহুর লিকুদ পার্টির ভেতরে হতাশা বাড়ছে।
পত্রিকাটি জানায়, দলটির মন্ত্রী ও আইনপ্রণেতারা এক রুদ্ধদ্বার বৈঠকে মূল্যায়ন করেছেন, আইজেনকোটের নেতৃত্বে সরকার গঠনের আলোচনা কার্যত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। শিগগিরই নতুন সরকার শপথ নিতে পারে বলেও মনে করছেন তারা।
তাদের উদ্ধৃত করে মারিভ আরও জানায়, ডানপন্থী শিবিরের এখন মূল আশা হলো, নতুন সরকার ক্ষমতায় টিকে থাকতে হিমশিম খাবে এবং অল্প সময়ের মধ্যেই ভেঙে পড়বে।
অতি-অর্থোডক্স দলগুলোর সঙ্গে আলোচনা
ইতিমধ্যে নেতানিয়াহুর শিবিরের সঙ্গে যুক্ত অতি-অর্থোডক্স ইহুদি দলগুলোর সঙ্গে আইজেনকোটের শিবিরের সরকার গঠনের আলোচনা অনেকটাই এগিয়েছে।
বুধবার ইসরায়েলের চ্যানেল ১২ জানায়, অতি-অর্থোডক্স দলগুলোর সঙ্গে আলোচনা এগোচ্ছে। আইজেনকোটের শিবির আশা করছে, আগামী কয়েক দিনের মধ্যে গোপন আলোচনা প্রকাশ্যে আনা সম্ভব হবে।
চ্যানেলটির প্রতিবেদন অনুযায়ী, ‘পরিবর্তন ব্লক’ আগামী সপ্তাহেই নতুন সরকারের শপথ আয়োজনের লক্ষ্য নির্ধারণ করেছে। তবে মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন এবং অতি-অর্থোডক্স দলগুলোর অংশগ্রহণ নিয়ে এখনো কিছু মতবিরোধ রয়েছে।
নেসেটে সাতটি আসন পাওয়া ইউনাইটেড তোরাহ জুডাইজমকে বর্তমান নেতানিয়াহু সরকারের অধীনে থাকা স্বাস্থ্য ও গৃহায়ণ মন্ত্রণালয় নিজেদের কাছে রাখার সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে আইজেনকোটের শিবির।
এ ছাড়া ছয়টি আসন থাকা আরিয়েহ দেরির নেতৃত্বাধীন অতি-অর্থোডক্স শাস পার্টিকে সরকারে যোগ দিতে উৎসাহিত করতে শুরুতে ধর্মবিষয়ক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দেওয়ার ইচ্ছা রয়েছে তাদের।
চ্যানেল ১২ জানায়, অতি-অর্থোডক্স ধর্মীয় শিক্ষার্থীদের সামরিক সেবা থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে আইজেনকোটের সঙ্গে সমঝোতা হলে কিছুটা সময় লাগলেও শেষ পর্যন্ত শাস পার্টিও সরকারে যোগ দেবে বলে বিশ্বাস ইউনাইটেড তোরাহ জুডাইজমের।
সম্ভাব্য মন্ত্রণালয় বণ্টন
চ্যানেল ১২-এর তথ্যমতে, সম্ভাব্য মন্ত্রণালয় বণ্টনে সাতটি আসন পাওয়া ইসরায়েল বেইতেনুর নেতা আভিগদোর লিবারম্যানকে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং একই দলের আইনপ্রণেতা ওদেদ ফোরেরকে বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।
১২টি আসন পাওয়া টুগেদার পার্টির নেতা নাফতালি বেনেত অর্থমন্ত্রী হতে পারেন। বেনেতের জোটের অংশ হিসেবে ইয়েশ আতিদের নেতা ইয়ার লাপিদ পেতে পারেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। এ ছাড়া আট আসন পাওয়া ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ার গোলানকে জননিরাপত্তামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে।
বুধবার চ্যানেল ১৩ জানায়, সরকার গঠনের আলোচনার অংশ হিসেবে লিবারম্যানের ইসরায়েল বেইতেনুকে প্রতিরক্ষা, বিচার, অভিবাসন ও আত্তীকরণ দপ্তর দেওয়ার বিষয়ে আইজেনকোটের দলের সঙ্গে সমঝোতা হয়েছে।
সরকার গঠনে আইজেনকোটের সামনে তিনটি পথ
চ্যানেল ১২-এর মতে, আইজেনকোটের সামনে সরকার গঠনের তিনটি পথ খোলা রয়েছে। প্রথমত, ইউনাইটেড তোরাহ জুডাইজমের সমর্থনে ৫৫ জন নেসেট সদস্যের ভিত্তিতে সংখ্যালঘু সরকার গঠন। দ্বিতীয়ত, অতি-অর্থোডক্স দলগুলো ভোটদানে বিরত থাকলে ৪৮ সদস্যের ভিত্তিতে সংখ্যালঘু সরকার গঠন। তৃতীয়ত, নেতানিয়াহুর সঙ্গে জাতীয় ঐকমত্যের সরকার গঠন।
চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়েছে, এখনো দুটি বিষয় অমীমাংসিত রয়েছে। আরিয়েহ দেরি পরবর্তী সময়ে সরকারে যোগ দেবেন কি না এবং লিকুদকে অন্তর্ভুক্ত করে জাতীয় ঐক্যের সরকারের পক্ষে দাবি জানিয়ে আসা বেনেত শেষ পর্যন্ত সংখ্যালঘু সরকারে সম্মত হবেন কি না।
সরকার গঠনের দায়িত্ব পান ৮ নভেম্বর
নেসেটের ১২০ জন সদস্যের মধ্যে নেতানিয়াহুর পক্ষে ৪৬ জনের বিপরীতে ৬৭ জনের সুপারিশ পাওয়ার পর গত ৮ নভেম্বর আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ।
আইজেনকোটের প্রাথমিক সময়সীমা শেষ হবে আগামী ৬ ডিসেম্বর। তিনি চাইলে প্রেসিডেন্ট হারজোগের কাছে আরও ১৪ দিন পর্যন্ত সময় বাড়ানোর আবেদন করতে পারবেন।

