শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশ হত্যার ঘটনায় ‘মাদক সম্রাট’ আব্দুল্লাহসহ গ্রেপ্তার ৬

ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় প্রধান আসামি মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিডসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় ডেভিডের ছোড়া ককটেলে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। আত্মরক্ষার্থে পুলিশের গুলিতে ডেভিডের ডান পা বিদ্ধ হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ছয়জনের মধ্যে পাঁচজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

যেভাবে হত্যা করা হয় কনস্টেবলকে

পুলিশের তথ্যমতে, গত ২২ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লা থানার হাশেমবাগ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহে যান শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই আবদুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা। এ সময় কয়েকজন মাদক ব্যবসায়ী তাঁদের আটক করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এএসআই সাত্তার দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচলেও কনস্টেবল আনোয়ারকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় ফতুল্লা থানায় হত্যা মামলা করা হয়। ঘটনাটি তদন্তে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা ও এসআরবি অভিযান শুরু করে। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের নেতৃত্বে দুটি দল গঠন করা হয়।

মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার প্রধান পরিকল্পনাকারী

পুলিশ জানায়, তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বুধবার দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ও এসআরবি-১১ নারায়ণগঞ্জের সদস্যরা মুন্সিগঞ্জ সদর থানা এলাকায় যৌথ অভিযান চালান। সেখান থেকে হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়।

আব্দুল্লাহর দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার দেওভোগ পানির ট্যাংকি ও তাসলিম পট্টি এলাকায় অভিযান চালিয়ে সামাদ ও হাসানকে গ্রেপ্তার করা হয়।

ডেভিডকে ধরতে গিয়ে ককটেল নিক্ষেপ, পুলিশের গুলি

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার সামাদ ও হাসানের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার তাসলিম পট্টির নুর হোসেনের একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালানো হয়। সেখানে হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিডকে গ্রেপ্তারের চেষ্টা করলে তিনি পালানোর উদ্দেশ্যে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন।

এ সময় আত্মরক্ষার্থে এবং আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে ফতুল্লা থানার কনস্টেবল মো. পারভেজ শর্টগান থেকে দুই রাউন্ড গুলি ছোড়েন। এতে ডেভিডের ডান পায়ে গুলি লাগে। ককটেলের আঘাতে পুলিশের চার সদস্য সামান্য আহত হন। আহত ডেভিডকে উদ্ধার করে খানপুর হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ আরও জানায়, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম, তিনটি ধারালো দেশীয় অস্ত্র ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

অন্যদিকে, এসআরবি-১১ নারায়ণগঞ্জের সদস্যরা এসআরবি সদর দপ্তর ঢাকার সহযোগিতায় অভিযান চালিয়ে জাবেদ কায়সার আজাদ ও আদরকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার ছয়জনের পরিচয়

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আব্দুল্লাহ (৩২), মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিড (২৮), আব্দুস সামাদ (২৩), মাহমুদুল হাসান (২২), জাবেদ কায়সার আজাদ (৪০) ও আদর (২২)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আব্দুল্লাহ ও ডেভিডের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লার মধ্যনগর বক্তাবলী এলাকায়। সামাদ ও হাসানের বাড়ি যথাক্রমে ফতুল্লা ও ময়মনসিংহে। জাবেদ কায়সার আজাদ ও আদরের বাড়ি ফতুল্লার নাগবাড়ি এলাকায়।

পাঁচ আসামির রিমান্ড মঞ্জুর

পুলিশ জানায়, গ্রেপ্তার ছয়জনের মধ্যে পাঁচজনকে আদালতে হাজির করা হলে তাঁদের প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।

অভিযানে উদ্ধার করা অন্যান্য আলামতের মধ্যে রয়েছে আসামিদের ব্যবহৃত মোবাইল ফোন, বোমা বা ককটেল তৈরির সরঞ্জাম, তিনটি ধারালো চাকু এবং একটি মোটরসাইকেল।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন