রাজধানীর পল্লবীর পর এবার উত্তর বাড্ডায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে পৃথক দুই ঘটনায় মধুমতী ও আলিফ পরিবহনের দুটি বাসে আগুন দেওয়া হয়। এর মধ্যে উত্তর বাড্ডায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
জানা গেছে, রাত ১০টার দিকে উত্তর বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটির পাশে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মুহূর্তেই আগুন বাসটিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পল্লবীতেও বাসে আগুন
এর আগে একই দিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে রাজধানীর মিরপুর-১১ নম্বরের ৯ নম্বর লেনে পার্কিং করা মধুমতী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিল্লাত ক্যাম্প-সংলগ্ন রাস্তায় পার্কিং করা অবস্থায় বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে বাসটির আংশিক পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পল্লবীর ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। উত্তর বাড্ডায় বাসে আগুনের ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত তথ্য জানা যায়নি।

