বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

এক দিন পরই বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৫০ টাকা বৃদ্ধি

ভরিতে ১ হাজার ৫০ টাকা বেড়ে ২২ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা

এক দফা কমার পর ২৪ ঘণ্টার ব্যবধানে আবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করে বাজুস। আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

যে দামে বিক্রি হবে স্বর্ণ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকা।

অলঙ্কার বিক্রিতে বাজুসের নির্দেশনা

বাজুস জানিয়েছে, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। তবে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

এক দিন আগে কমেছিল স্বর্ণের দাম

এর আগে, গত ২৫ নভেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

ওই সময় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা। ওই দামও ২৫ নভেম্বর সকাল ১০টা থেকে কার্যকর হয়েছিল।

চলতি বছরে ১৪৬ বার সমন্বয় স্বর্ণের দাম

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৮ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৭ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়।

অপরিবর্তিত রয়েছে রুপার দাম

স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৮০ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৬ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৪৪ দফা কমানো হয়েছে। ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ১০ বার বেড়েছিল এবং তিনবার কমেছিল।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন