মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে প্রশিক্ষণ একাডেমি স্থাপনে আগ্রহী কানাডা

বৈধ ভ্রমণকারী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস; নার্স ও কেয়ারগিভারসহ বিভিন্ন খাতে দক্ষ কর্মীর চাহিদার কথা জানালেন কানাডার সহকারী উপমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতা এবং যৌথ উদ্যোগে বিশেষায়িত প্রশিক্ষণ একাডেমি স্থাপনের প্রস্তাবে ইতিবাচক মনোভাব দেখিয়েছে কানাডা। একই সঙ্গে বাংলাদেশের বৈধ ভ্রমণকারী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করার আশ্বাস দিয়েছে দেশটি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের ইন্দো-প্যাসিফিকবিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন এপ (Weldon Epp)। এ সময় এসব বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে অনিয়মিত অভিবাসন রোধ, নিরাপদ ও নিয়মিত অভিবাসনে উৎসাহ, দক্ষ জনশক্তি রপ্তানি, সাইবার নিরাপত্তা খাতে সহযোগিতা, যৌথ বিনিয়োগ এবং রোহিঙ্গা সংকট সমাধানসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই পক্ষ।

দক্ষ জনশক্তি নিতে প্রশিক্ষণ সহযোগিতার প্রস্তাব

বৈঠকের শুরুতে কানাডার সহকারী উপমন্ত্রীকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও কানাডা দীর্ঘদিনের বন্ধু ও উন্নয়ন অংশীদার।

জবাবে ওয়েলডন এপ বলেন, কানাডা বর্তমানে তাদের অভিবাসন নীতিতে ভারসাম্য আনলেও বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী ও দক্ষ পেশাজীবীদের স্বাগত জানাতে আগ্রহী। এ জন্য বাংলাদেশের বৈধ ভ্রমণকারী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করা হবে।

কানাডার শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশ থেকে বৈধ পথে দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নার্সিং, মেডিকেল টেকনোলজি, হোম কেয়ার, মেরিন ক্যাডেট ও হসপিটালিটি খাতে বাংলাদেশে বিপুল প্রশিক্ষিত জনবল রয়েছে।

কানাডা চাইলে নিজস্ব প্রশিক্ষক পাঠিয়ে অথবা যৌথ উদ্যোগে বিশেষায়িত প্রশিক্ষণ একাডেমি স্থাপনের মাধ্যমে প্রয়োজনীয় জনবল তৈরি করতে পারে বলেও প্রস্তাব দেন তিনি।

জবাবে ওয়েলডন এপ বিষয়টিকে অত্যন্ত ইতিবাচক হিসেবে অভিহিত করেন। তিনি জানান, কানাডার অর্থনীতিতে নার্স ও কেয়ারগিভারসহ বিভিন্ন খাতে দক্ষ শ্রমশক্তির চাহিদা রয়েছে।

বাণিজ্য ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর আলোচনা

বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডের জন্য নদী ও উপকূলীয় টহল নৌযান এবং পুলিশের জন্য সাইবার নিরাপত্তা ও যোগাযোগ সরঞ্জাম কেনা ও সংগ্রহের ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তির প্রতি বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরেন।

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে কানাডার সহকারী উপমন্ত্রী জানান, অভিবাসন সংখ্যা সীমিত করা সত্ত্বেও কানাডা বাংলাদেশ থেকে রোহিঙ্গা পুনর্বাসনের সংখ্যা বৃদ্ধি করেছে। পাশাপাশি আঞ্চলিক দেশগুলো, বিশেষ করে আসিয়ান সদস্যরাষ্ট্রগুলোকে এ বিষয়ে আরও সক্রিয় ভূমিকা পালনে উৎসাহিত করতে কাজ করছে কানাডা।

স্বরাষ্ট্রমন্ত্রী বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের উদারতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর মিয়ানমারের ওপর চীন, আসিয়ান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ আরও বাড়ানো প্রয়োজন। যাতে রোহিঙ্গারা নাগরিকত্ব, নিরাপদ ভূমি ও জীবিকার নিশ্চয়তাসহ স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে পারে।

এ ছাড়া মিয়ানমারকেন্দ্রিক সাইবার স্ক্যাম, মাদক ও মানব পাচারকে গুরুতর আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তাঝুঁকি হিসেবে অভিহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসব অপরাধ মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টার ওপরও গুরুত্ব দেন তিনি।

বৈঠকে কানাডার হাইকমিশনার অজিত সিং, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, কানাডীয় হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর মার্কাস ডেভিস, হেড অব এইড সুজান কুইন, ট্রেড কমিশনার কামাল উদ্দিনসহ কানাডীয় হাইকমিশন ও বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন