মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জৈন্তাপুরে বিজিবি-এসআরবির অভিযানে ১৯ প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও সাতটি নেশাজাতীয় স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ১টা ১০ মিনিটের দিকে উপজেলার শ্রীপুর পিকনিক স্পট এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব মালামাল উদ্ধার করা হয়।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির প্রযুক্তিগত সহায়তায় লক্ষ্যবস্তুর অবস্থান শনাক্ত করা হয়। পরে যৌথ অভিযানিক দল ঘটনাস্থল ঘেরাও করে তল্লাশি শুরু করে।

এ সময় বিজিবির কে-৯ (ডগ স্কোয়াড) দিয়ে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিস্ফোরক ও নেশাজাতীয় সিরাপগুলো উদ্ধার করা হয়।

চলতি বছরে ধারাবাহিক অভিযানে বিপুল সরঞ্জাম উদ্ধার

বিজিবি জানায়, চলতি বছর সিলেট ব্যাটালিয়নের ধারাবাহিক বিশেষ অভিযানে ১০টি অবৈধ অস্ত্র, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ১৯টি প্লাস্টিক বিস্ফোরক, ৫০টি বিস্ফোরক পাওয়ারজেল, ৪৮টি ডেটোনেটর এবং ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করা হয়েছে।

সীমান্তে নিরাপত্তা জোরদারে অভিযান অব্যাহত

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় এসআরবির সঙ্গে সমন্বয় করেও যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধার করা বিস্ফোরক ও অন্যান্য মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন