মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ইউক্রেনকে সহায়তা নিয়ে জার্মানদের অসন্তোষ, মের্ৎসের ওপর ক্ষুব্ধ ৮২ শতাংশ

জরিপে ৪২ শতাংশ জার্মান ইউক্রেনকে সহায়তার বিপক্ষে, মের্ৎসের ওপর অসন্তুষ্ট ৮২ শতাংশ

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনকে সামরিক, আর্থিক ও মানবিক সহায়তা দিয়ে যাওয়ায় জার্মানির জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে। দেশের অর্থনীতি শক্তিশালী করার চেয়ে ইউক্রেনকে বেশি গুরুত্ব দিচ্ছেন—জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন সমালোচকেরা। সাম্প্রতিক বিভিন্ন জরিপেও ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখার বিষয়ে জার্মানদের মধ্যে অনীহার চিত্র উঠে এসেছে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর দেশটির পাশে দাঁড়ায় জার্মানি। যুদ্ধের কারণে বাস্তুচ্যুত লাখ লাখ ইউক্রেনীয়কে আশ্রয় দেওয়ার পাশাপাশি সামরিক সরঞ্জাম, অর্থ ও মানবিক সহায়তা পাঠায় দেশটি। এসব সহায়তার অর্থের বড় অংশ এসেছে জার্মানির জনগণের করের টাকা থেকে।

তবে সময়ের সঙ্গে ইউক্রেনকে সহায়তা দেওয়ার বিষয়ে জার্মানদের মনোভাব বদলেছে বলে সাম্প্রতিক বিভিন্ন জরিপে উঠে এসেছে। জরিপের ফল অনুযায়ী, দেশটির প্রায় সাড়ে আট কোটি জনসংখ্যার মধ্যে ১৮ বছরের বেশি বয়সী প্রতি চারজনের একজন মনে করেন, ইউক্রেনকে সামরিক, আর্থিক ও মানবিক সহায়তা দেওয়া এখনই বন্ধ করা উচিত।

সব মিলিয়ে প্রায় ৪২ শতাংশ জার্মান নাগরিক ইউক্রেনকে সহায়তা দেওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছেন। এ ছাড়া ৪৯ শতাংশ মনে করেন, যুদ্ধের অবসানে মস্কো ও বার্লিনের মধ্যে সংলাপের বিকল্প নেই।

এদিকে ইউক্রেনের অর্থনীতি পুনর্গঠনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্মিলিত তহবিল থেকে আরও ২২ কোটি ইউরো সহায়তা দেওয়ার উদ্যোগ এবং জার্মান শিল্প উদ্যোক্তাদের ইউক্রেনে বিনিয়োগের আহ্বান জানানোয় চ্যান্সেলর মের্ৎসের সমালোচনা করেছে দেশটির প্রধান বিরোধী রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি)।

দলটির সংসদীয় কমিটির ডেপুটি চেয়ারম্যান মার্কুস ফ্রোনমাইয়ার বলেন, নিজ দেশের অর্থনীতি সংকটের মুখে থাকলেও চ্যান্সেলরের সেদিকে ভ্রুক্ষেপ নেই। অথচ তিনি ইউক্রেনের অর্থনীতি সমৃদ্ধ করতে উঠে-পড়ে লেগেছেন।

চ্যান্সেলর হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ফ্রিডরিখ মের্ৎস ইউক্রেনকে বিলিয়ন বিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছেন। এ সহায়তার অর্থ জনগণের করের টাকা এবং ঋণের মাধ্যমে জোগাড় করার পরিকল্পনাও সমালোচনার মুখে পড়েছে।

জার্মানির সাম্প্রতিক ইনসা জরিপে দেখা গেছে, ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্তের কারণে চ্যান্সেলর মের্ৎসের ওপর অসন্তুষ্ট দেশটির ৮২ শতাংশ মানুষ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন