চলতি মাসে বা ডিসেম্বরের শুরুতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আশা প্রকল্প সংশ্লিষ্টদের
রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকায় পৌঁছেছে। দ্বিতীয় ইউনিটের জন্য আনা এই চালানে রয়েছে তিনটি বিশেষায়িত লরি। সবকিছু ঠিক থাকলে চলতি মাসে অথবা আগামী মাসের শুরুতেই কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা ৫ মিনিটের দিকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী লরিগুলো প্রকল্প এলাকায় পৌঁছায়।
এ পর্যন্ত ছয়টি চালান পৌঁছেছে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ইউরেনিয়ামের একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য পাঁচটিসহ এ পর্যন্ত মোট ছয়টি চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।
এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি বাংলাদেশে আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে অতিরিক্ত ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার কথা রয়েছে। সব মিলিয়ে মোট নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি আনার পরিকল্পনা রয়েছে।
কবে মিলবে রূপপুরের বিদ্যুৎ
এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে সীমিত পরিসরে বিদ্যুৎ সরবরাহের অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)।
প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম লোডিংয়ের কাজ সফলভাবে শেষ হয়েছে। এবার ফিশন প্রক্রিয়া পূর্ণাঙ্গভাবে চালু করার প্রস্তুতি চলছে। এরপর পর্যায়ক্রমে বাড়ানো হবে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ।
প্রকল্প কর্মকর্তাদের আশা, চলতি মাসেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম গত ৩ নভেম্বর জানিয়েছিলেন, পাঁচ থেকে ছয় সপ্তাহের মধ্যেই বহুল প্রতীক্ষিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।
রূপপুরের দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে কেন্দ্রটি থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।

