১২০ বিলিয়ন ডলারের প্রকল্প পোর্টফোলিও নিয়ে যৌথ উৎপাদন ও প্রযুক্তি হস্তান্তরে আগ্রহী আঙ্কারা
সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা আরও জোরদার করতে প্রস্তুত তুরস্ক। দেশটির প্রতিরক্ষা খাতে ১ হাজার ৪০০টির বেশি প্রকল্প এবং প্রায় ১২০ বিলিয়ন ডলারের পোর্টফোলিও রয়েছে। এই সক্ষমতা কাজে লাগিয়ে যৌথ উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর ও দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তুলতে চায় আঙ্কারা।
বৃহস্পতিবার ইস্তাম্বুলে আয়োজিত ‘তুরস্ক-সৌদি আরব প্রতিরক্ষা শিল্প দিবস’ অনুষ্ঠানে এসব কথা বলেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবালয়ের (এসএসবি) প্রধান হালুক গোরগুন।
সহযোগিতার প্রস্তুতি তুরস্কের
অনুষ্ঠানে হালুক গোরগুন বলেন, তুরস্কের প্রায় ৪ হাজার ৫০০টি ক্ষুদ্র ও মাঝারি প্রতিরক্ষা প্রতিষ্ঠান (এসএমই), ১ হাজার ৪০০টির বেশি প্রকল্প এবং প্রায় ১২০ বিলিয়ন ডলারের পোর্টফোলিও রয়েছে। দুই দেশের যৌথভাবে বাস্তবায়ন করা সম্ভব—এমন প্রতিটি উদ্যোগ নিতে তারা প্রস্তুত।
তিনি বলেন, প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের নেতৃত্বে গত ২০ বছরে তুরস্ক একটি শক্তিশালী প্রতিরক্ষা শিল্পব্যবস্থা গড়ে তুলেছে। বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে যৌথভাবে এই মডেলের বিকাশ ঘটাতে চায় দেশটি।
গোরগুন জানান, গত সাড়ে তিন বছরে তুর্কি কর্মকর্তারা সৌদি আরবের জেনারেল অথরিটি ফর মিলিটারি ইন্ডাস্ট্রিজ (গামি), সৌদি অ্যারাবিয়ান মিলিটারি ইন্ডাস্ট্রিজ (সামি) এবং জেনারেল অথরিটি ফর ডিফেন্স ডেভেলপমেন্টসহ (গ্যাড) সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে ৭৫টি বৈঠক করেছেন।
ভিশন ২০৩০ বাস্তবায়নে যৌথ উদ্যোগ
সৌদি আরবের ‘ভিশন ২০৩০’-এর আওতায় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের অন্তত ৫০ শতাংশ স্থানীয়করণের লক্ষ্য রয়েছে। এ লক্ষ্য অর্জনে তুরস্কের কোম্পানিগুলো সৌদি অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজ করছে।
এ ছাড়া প্রতিরক্ষা খাতে ‘ডিফেন্স সেন্টারস অব এক্সিলেন্স’ প্রতিষ্ঠা এবং অগ্রাধিকার নির্ধারণের বিষয়েও তুরস্কের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ও সৌদি কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানান গোরগুন।
অনুষ্ঠানে সৌদি আরবের প্রতিমন্ত্রী ও গামির ভারপ্রাপ্ত গভর্নর বান্দার আল-খোরাইয়েফ বলেন, তুরস্ক ও সৌদি আরব কেবল শিল্প খাতেই নয়, ভ্রাতৃত্বের ভিত্তিতেও একে অপরকে সহযোগিতা করে। এ প্রসঙ্গে তিনি জি-২০ এবং মক্কা চুক্তির আওতায় দুই দেশের যৌথ প্রচেষ্টার কথা তুলে ধরেন।
তিনি জানান, সৌদি আরবের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে স্থানীয়করণের হার ৪ শতাংশ থেকে বেড়ে ২৭ শতাংশে দাঁড়িয়েছে। প্রযুক্তি হস্তান্তর ও দীর্ঘমেয়াদি অংশীদারত্বের মাধ্যমে ‘ভিশন ২০৩০’-এর অধীনে এ হার ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে।
বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এবং আন্তর্জাতিক গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) অভিজ্ঞতার ভিত্তিতে বিশ্বমানের প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে সৌদি আরব বিভিন্ন প্রণোদনাও দিচ্ছে বলে জানান তিনি।
তুরস্কের রপ্তানি ও গবেষণায় অগ্রগতি
তুরস্কের শিল্প ও প্রযুক্তি উপমন্ত্রী চেতিন আলি দোনমেজ বলেন, দেশটির বার্ষিক রপ্তানি প্রায় ৩০০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর মধ্যে উৎপাদন খাতের অবদান প্রায় ২৬০ বিলিয়ন ডলার।
তিনি জানান, মহামারির পর থেকে তুরস্কের উচ্চপ্রযুক্তি পণ্যের রপ্তানি ৮৭ দশমিক ৫ শতাংশ বেড়েছে। দেশটির মোট রপ্তানিতে উচ্চ ও মধ্যম-উচ্চ প্রযুক্তির পণ্যের অংশ দাঁড়িয়েছে ৪৪ দশমিক ২ শতাংশে।
দোনমেজের তথ্য অনুযায়ী, তুরস্কের গবেষণা ও উন্নয়ন খাতে মোট ব্যয় ২৪ দশমিক ৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা জাতীয় আয়ের ১ দশমিক ৫ শতাংশের বেশি। এ খাতে কাজ করছেন ৩ লাখ ১৮ হাজার কর্মী।
তিনি আরও জানান, ২০০২ সালে তুরস্কের প্রতিরক্ষা ও মহাকাশ খাতের রপ্তানি ছিল ২৪৮ মিলিয়ন ডলার। বর্তমানে তা ১০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এ খাতের ৪ হাজারের বেশি প্রতিষ্ঠানে কাজ করছেন ১ লাখের বেশি দক্ষ কর্মী।
প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ বাড়াতে মন্ত্রণালয় ১ হাজার ২০০টির বেশি বিনিয়োগ প্রণোদনা সনদ দিয়েছে। গত বছর ৮০টি প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন কেন্দ্রকে ৭১ বিলিয়ন তুর্কি লিরা রাষ্ট্রীয় সহায়তা দেওয়া হয়েছে।
পাশাপাশি তুরস্কের গবেষণা পরিষদ ‘তুবিটাক’ ২ হাজার ২০০টির বেশি প্রকল্প এবং ৪ হাজারের বেশি গবেষককে ৬৫ বিলিয়ন লিরা সহায়তা দিয়েছে।
যৌথ গবেষণা ও প্রযুক্তি হস্তান্তরের আহ্বান
ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুল বলেন, বৈশ্বিক বাণিজ্যকেন্দ্র হিসেবে ইস্তাম্বুলে প্রতি সপ্তাহে বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ী প্রতিনিধিরা বৈঠক করেন। প্রতিরক্ষা শিল্প ক্লাস্টার ‘সাহা ইস্তাম্বুল’ এ খাতের উন্নয়নে তুরস্কের অর্জিত অভিজ্ঞতা দেশীয় ও আন্তর্জাতিক অংশীদারদের কাছে তুলে ধরছে।
সাহা ইস্তাম্বুলের ভাইস চেয়ারম্যান ও রকেটসানের প্রধান নির্বাহী কর্মকর্তা মুরাত ইকিনজি বলেন, দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা শিল্পায়ন ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে। মক্কা চুক্তির যৌথ অঙ্গীকার এবং রাজনৈতিক সদিচ্ছা যৌথ উৎপাদন ও প্রযুক্তি হস্তান্তরের বাস্তবভিত্তিক প্রকল্প বাস্তবায়নের সুযোগ তৈরি করেছে।
তিনি জানান, ১ হাজার ৩০০টির বেশি সদস্যপ্রতিষ্ঠান নিয়ে সাহা ইস্তাম্বুল ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ক্লাস্টার। সহযোগিতার উদ্যোগে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান, সাব-কন্ট্রাক্টর এবং প্রযুক্তিভিত্তিক স্টার্টআপগুলোকে যুক্ত করার আহ্বান জানান তিনি।
স্বয়ংক্রিয় ব্যবস্থা, সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, প্রপালশন এবং মহাকাশ প্রযুক্তিতে যৌথ গবেষণা দুই দেশকে দ্রুত সুফল দিতে পারে বলেও উল্লেখ করেন ইকিনজি।
অনুষ্ঠানটির আয়োজন করে তুরস্কের বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক বোর্ড (দেইক), প্রতিরক্ষা শিল্প ক্লাস্টার ‘সাহা ইস্তাম্বুল’ এবং সৌদি অ্যারাবিয়ান মিলিটারি ইন্ডাস্ট্রিজ (সামি)। এতে সৌদি আরবের প্রতিমন্ত্রী বান্দার আল-খোরাইয়েফ, তুরস্কের শিল্প ও প্রযুক্তি উপমন্ত্রী চেতিন আলি দোনমেজ এবং ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুলসহ দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

