বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ডেপুটি স্পিকারের সঙ্গে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনের শিক্ষক-শিক্ষার্থীদের সাক্ষাৎ

৫৭ সদস্যের প্রতিনিধিদলকে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের; শিক্ষার্থীদের ভবিষ্যতের যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে ওঠার পরামর্শ

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তাঁর নির্বাচনী এলাকার সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনের শিক্ষক-শিক্ষার্থীদের ৫৭ সদস্যের একটি প্রতিনিধিদল।

বুধবার জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি শিক্ষক-শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে আন্তরিক কুশল বিনিময় করেন।

সংসদ ভবন ও গ্রন্থাগারের গুরুত্ব তুলে ধরেন ডেপুটি স্পিকার

সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ ভবন দক্ষিণ এশিয়ার অন্যতম নান্দনিক ও আধুনিক স্থাপনা। বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুইস আই. কান এ ভবনের নকশা প্রণয়ন করেন।

তিনি আরও বলেন, জাতীয় সংসদ গ্রন্থাগারে শত বছরের পুরোনো বই, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং পাকিস্তান আমলের বিভিন্ন ঐতিহাসিক দলিল সংরক্ষিত রয়েছে। দেশ-বিদেশের বহু গবেষক তাঁদের গবেষণাকাজে এসব গুরুত্বপূর্ণ নথি ও তথ্য ব্যবহার করতে এখানে আসেন।

শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার আহ্বান

শিক্ষার্থীদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতে চিকিৎসক, বিসিএস কর্মকর্তা, প্রকৌশলী, আইনজীবী ও সংসদ সদস্য তৈরি হবে। তাই এখন থেকেই নিয়মিত ও মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে।

তিনি বলেন, ভালো ফলাফল অর্জনের পাশাপাশি বৃত্তি ও স্কলারশিপ পাওয়ার জন্য নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমি চাই, তোমাদের এসব অর্জনে নিজ হাতে সম্মাননা তুলে দিতে। তোমাদের এমনভাবে নিজেদের গড়ে তুলতে হবে, যেন তোমাদের মা-বাবা গর্বিত হন।’

এ লক্ষ্যে অধ্যবসায়, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে পড়াশোনা করার পাশাপাশি দেশকে এগিয়ে নেওয়ার জন্য যোগ্য নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান তিনি। শিক্ষার্থীদেরই আগামীর মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে বলেও উল্লেখ করেন ডেপুটি স্পিকার।

শিক্ষকদের প্রতি শিক্ষার পরিবেশ উন্নয়নের আহ্বান

শিক্ষকদের উদ্দেশে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং বহুমুখী প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করাও অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে শিক্ষার্থীবান্ধব শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে শিক্ষকদের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সংসদ ভবন পরিদর্শনে আনন্দ প্রকাশ

সাক্ষাৎ শেষে শিক্ষক-শিক্ষার্থীরা ডেপুটি স্পিকারের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। সংসদ ভবন পরিদর্শনের সুযোগ করে দেওয়ায় তাঁরা তাঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় জাতীয় সংসদ ভবন, সংসদ গ্রন্থাগার, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভিন্ন ভিআইপি কার্যালয় এবং জাতীয় সংসদের অধিবেশন কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পেয়ে আনন্দ ও উৎসাহ প্রকাশ করেন প্রতিনিধিদলের সদস্যরা।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন