অনুসরণ করুন:
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপ ঘিরে জাতীয় স্টেডিয়ামে আনসারের বিশেষ নিরাপত্তাব্যবস্থা

নিরাপত্তা জোরদারে প্রস্তুত রাখা হয়েছে আনসার ব্যাটালিয়নের একটি স্ট্রাইকিং ফোর্স।

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ উপলক্ষে জাতীয় স্টেডিয়াম ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ১০০ জন অঙ্গীভূত আনসার ও টিডিপি সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় একটি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।

ছয়টি দেশের অংশগ্রহণে আয়োজিত এ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে খেলোয়াড়, কর্মকর্তা, দর্শনার্থী ও স্টেডিয়ামের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিরাপত্তায় ১০০ সদস্য মোতায়েন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনা অনুযায়ী স্টেডিয়াম এলাকার নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে ঢাকা মহানগর আনসারের পূর্ব জোন থেকে মোতায়েন করা ১০০ জন অঙ্গীভূত আনসার ও টিডিপি সদস্য স্টেডিয়াম এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন।

পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে একটি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

সদস্যদের ব্রিফিং প্যারেড

এ উপলক্ষে ৫ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে মোতায়েন করা আনসার ও টিডিপি সদস্যদের অংশগ্রহণে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তা, প্রবেশ ও বহির্গমন ব্যবস্থাপনা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার বিষয়ে সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

আন্তর্জাতিক এ ক্রীড়া আয়োজন নির্বিঘ্ন, নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ নিরাপত্তা প্রস্তুতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় গুরুত্বপূর্ণ আয়োজনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে বাহিনীর সদস্যরা অঙ্গীকারবদ্ধ ও প্রস্তুত রয়েছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন