বিশেষ চেকপোস্টে তল্লাশির সময় সিএনজির চালকের আসনের নিচে লুকানো মদ উদ্ধার; মাদক পরিবহনে ব্যবহৃত নম্বরপ্লেটবিহীন অটোরিকশাটিও জব্দ করেছে এসআরবি।
শেরপুরে ২৪ বোতল বিদেশি মদ ও সিএনজিচালিত অটোরিকশাসহ দেলোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে মদ সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে দাবি করেছে এসআরবি।
বুধবার দুপুরে শেরপুর সদর থানার আমতলা বাজারসংলগ্ন মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি।
অটোরিকশার আসনের নিচে লুকানো ছিল মদ
এসআরবির বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আমতলা বাজারসংলগ্ন মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসানো হয়। এ সময় কুসুমহাটি বাজার থেকে জামালপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে তল্লাশির জন্য থামানোর চেষ্টা করলে চালক পালানোর চেষ্টা করেন। পরে তাঁকে আটক করা হয়।
স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে অটোরিকশাটি তল্লাশি করে ড্রাইভিং সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো ২৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত নম্বরপ্লেটবিহীন অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
সীমান্ত এলাকা থেকে মদ সংগ্রহের অভিযোগ
এসআরবি-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বলেন, গ্রেপ্তার দেলোয়ার দীর্ঘদিন ধরে শেরপুর জেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বিদেশি মদ সংগ্রহ করে জামালপুরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মদ ও জব্দ করা অটোরিকশাসহ তাঁকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআরবির এ কর্মকর্তা।

