বিজিএমইএর হিসাবে, প্রায় ৭ লাখ শ্রমিক কর্মরত এসব কারখানায়; সবচেয়ে বেশি উৎপাদন বন্ধ গাজীপুর ও ময়মনসিংহে।
শ্রমিকেরা কর্মস্থল থেকে বেরিয়ে যাওয়ায় দেশের ৩০৬টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছেন মালিকেরা। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টা পর্যন্ত এসব কারখানায় উৎপাদন বন্ধ ছিল। কারখানাগুলোতে প্রায় সাত লাখ শ্রমিক কর্মরত রয়েছেন।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রাথমিক তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে গাজীপুর ও ময়মনসিংহ এলাকায়। এ দুই এলাকায় ১৬১টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে, যেখানে কর্মরত প্রায় ৪ লাখ ২৯ হাজার শ্রমিক।
গাজীপুর ও ময়মনসিংহে বন্ধ ১৬১ কারখানা
বিজিএমইএর তথ্য অনুযায়ী, অঞ্চলভিত্তিক উৎপাদন বন্ধ থাকা কারখানার সংখ্যা—
- গাজীপুর ও ময়মনসিংহে ১৬১টি
- সাভারের আশুলিয়া ও জিরানী এলাকায় ৯৩টি
- রাজধানীর মিরপুরে ৫২টি
সব মিলিয়ে এসব এলাকায় ৩০৬টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এসব কারখানার একটি বড় অংশ বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান। ফলে উৎপাদন বন্ধ থাকায় বিপুলসংখ্যক শ্রমিকের কর্মস্থলে কাজ ব্যাহত হচ্ছে।
বিজিএমইএর সদস্যভুক্ত ১৪ শতাংশ কারখানা বন্ধ
বিজিএমইএর প্রাথমিক হিসাব অনুযায়ী, সংগঠনটির সদস্যভুক্ত মোট ২ হাজার ১৩৪টি কারখানার মধ্যে মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত চালু ছিল ১ হাজার ৮২৮টি। অর্থাৎ সদস্যভুক্ত প্রায় ১৪ শতাংশ কারখানায় উৎপাদন বন্ধ ছিল।
তবে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ উল্লিখিত এলাকাগুলোর বাইরে অন্য কোথাও পোশাক কারখানা বন্ধ থাকার খবর পাওয়া যায়নি।

