মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদল

এআইইসি সম্মেলনে অংশগ্রহণ, সিডনি ও ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক সহযোগিতা নিয়ে বৈঠক

উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদারের লক্ষ্যে অস্ট্রেলিয়া সফর করছে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর একটি প্রতিনিধিদল। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খানের নেতৃত্বে গত ২৫ অক্টোবর শুরু হওয়া এ সফর চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।

ডিআইইউ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সফরের অংশ হিসেবে প্রতিনিধিদলটি সিডনির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল এডুকেশন কনফারেন্স’ (এআইইসি)-এ অংশ নিচ্ছে। পাশাপাশি অস্ট্রেলিয়ার বিভিন্ন উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা করছে দলটি।

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন

সফরকালে প্রতিনিধিদলের সদস্যরা ইউনিভার্সিটি অব সিডনি, ম্যাককুয়ারি ইউনিভার্সিটি এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান টিএএফই এনএসডব্লিউ পরিদর্শন করেন। এসব সফরে উচ্চশিক্ষা, গবেষণা এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া ম্যাককুয়ারি ইউনিভার্সিটির গ্লোবালবিষয়ক সহ-উপাচার্য অধ্যাপক অ্যান্থনি কাহালান এবং ইউনিভার্সিটি অব সিডনির আন্তর্জাতিক অংশীদারত্ব ও উন্নয়ন বিভাগের প্রধান ড্যানিয়েল মুইরের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধিদলের সদস্যরা। বৈঠকে দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়।

বাস্তবভিত্তিক অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব

ডিআইইউর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান অস্ট্রেলিয়া সফরে আলোচিত বিষয়গুলোকে বাস্তবভিত্তিক অংশীদারত্বে রূপ দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, এ ধরনের সহযোগিতার মাধ্যমে শিক্ষার সুযোগ সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য অর্থবহ সুফল নিশ্চিত করা সম্ভব। আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে কার্যকর সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্র আরও সমৃদ্ধ করার লক্ষ্য রয়েছে এ সফরের।

অস্ট্রেলীয় বাণিজ্য প্রতিনিধিদের অংশগ্রহণ

প্রতিনিধিদলের সফরসঙ্গী হিসেবে রয়েছেন অস্ট্রেলিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনের (অস্ট্রেড) দক্ষিণ এশিয়াবিষয়ক কমিশনার ভিক সিং এবং ঢাকায় অস্ট্রেলিয়ান হাইকমিশনের বাণিজ্য ও বিনিয়োগ বিভাগের জ্যেষ্ঠ পরিচালক মোস্তাফিজুর রহমান।

শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক যোগাযোগের পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিনিধিদের অংশগ্রহণ এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের সুযোগ তৈরি করছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন