বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

এমপিওভুক্তির সময় গণনা করে প্রথম উচ্চতর গ্রেডের দাবি শিক্ষকদের

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ এর ১১.৫ অনুচ্ছেদ অনুযায়ী, বেসরকারি মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষকদেরও প্রথম এমপিওভুক্তির সময়কালকে গণনা করে ১ম উচ্চতর গ্রেড প্রাপ্তির দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম (বাবেশিকফো)। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন ও আলোচনা সভা থেকে এই দাবি জানানো হয়েছে। 

সংবাদ সম্মেলনে বাবেশিকফো’র সভাপতি মো. মাইন উদ্দীন বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহবান জানাচ্ছি, আগামী দুই মাসের মধ্যে আমাদের ন্যায্য দাবির বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে আমরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবো। 

তিনি বলেন, আমাদের এই আন্দোলন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়। এটি দেশের মাধ্যমিক বিদ্যালয়ের এমপিওভুক্ত সহকারী শিক্ষকদের ন্যায্য  অধিকার। 

তিনি আরও বলেন, দেশে এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থার সকল শিক্ষক কর্মচারীদের মধ্যে উচ্চতর গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে  এ ধরনের বৈষম্য কাম্য নয়। একজন শিক্ষক দীর্ঘদিন একই শিক্ষা ব্যবস্থায় দায়িত্ব পালন করার পরেও, শুধুমাত্র ইস্কুল ও মাদ্রাসার ভিন্ন নীতিমালার কারণে ন্যায্য আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হবে, তা হতে পারে না। এটি শিক্ষকদের মধ্যে বৈষম্য ও হতাশা সৃষ্টি করছে। 

সংবাদ সম্মেলন ও আলোচনা সভা থেকে আরও ৬ টি দাবি জানানো হয়েছে। সেগুলো হলো-

১. মাধ্যমিক বিদ্যালয়ের এমপিও নীতিমালার ১১.৭ অনুচ্ছেদ সংশোধন করে, মাদ্রাসা এমপিও নীতিমালার ১১.৫ অনুচ্ছেদের সঙ্গে সমতা প্রতিষ্ঠা করতে হবে।

২. এমপিওভুক্তির সময়কালকে ভিত্তি করে মাদ্রাসা সহকারী শিক্ষকদের ন্যায় উচ্চতর গ্রেড মাধ্যমিক বিদ্যালয়ের এমপিওভুক্ত সহকারী শিক্ষকদের ক্ষেত্রেও এমপিওভুক্তির সময়কালকে ভিত্তি করে ১ম উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থা করতে হবে।

৩. B.Ed ডিগ্রির কারণে কোন শিক্ষক যেনো আর্থিক বৈষম্যের সৃস্টি না হয়, সেদিক বিবেচনায় নিয়ে উচ্চতর গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে এমপিওভুক্তির তারিখ থেকে অভিজ্ঞতা গণনা করে ১ম উচ্চতর গ্রেড প্রাপ্তি নিশ্চিত করতে হবে। 

৪. সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকদের জন্য উচ্চতর গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে ন্যায্য এবং অভিন্ন নীতিমালা নিশ্চিত করতে হবে। 

৫. বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের নবম পে স্কেল-২০২৬ প্রাপ্তির ক্ষেত্রে প্রশাসনিক কার্যক্রম দ্রুত শুরু করতে হবে। 

৬. পে-স্কেল ২০২৬ অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ আগামী ঈদুল ফিতরে পূর্ণাঙ্গ উৎসব ভাতা দিতে হবে। 

সংবাদ সম্মেলন ও আলোচনা সভায় এসময় বাবেশিকফো’র নির্বাহী মহাসচিব মো. জহিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো. আতিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি মো. শামীমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন