শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরির সময় সন্দেহ, পরিবারের দাবি নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে আলম শেখ (৪১) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২১ অক্টোবর) গভীর রাতে হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মূল অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
নিহত আলম শেখের পরিবারের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁর বাড়ি রাজধানীর রূপনগর এলাকায়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এ বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, ‘নিহতের পরিবারের সঙ্গে পুলিশ যোগাযোগ করেছে। পরিবারের সদস্যরা এলে তাঁদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
ঘটনার মূল অভিযুক্তকে আটকের তথ্য জানিয়ে তিনি বলেন, ‘ঘটনার যে মূলহোতা, তাকে আমরা আটক করেছি।’ তবে আটক ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
শিশু চোর সন্দেহে মারধর
পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার রাত ১১টার দিকে আলম শেখ হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় সেখানে চিকিৎসাধীন শিশুদের স্বজনেরা তাঁকে শিশু চোর সন্দেহ করেন। হাসপাতালে আসার কারণ জানতে চাইলে তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলে জানা গেছে।
এরপর একদল ব্যক্তি তাঁকে টেনেহিঁচড়ে হাসপাতালের নিচে নামিয়ে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
৯৯৯-এ খবর পেয়ে মরদেহ উদ্ধার
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আঙুলের ছাপ যাচাই করে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য আলম শেখের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা এলে এ ঘটনায় মামলা করা হবে।

