আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য লংমার্চ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে পৃথক বৈঠক করেছেন লংমার্চ বাস্তবায়ন কমিটির নেতারা।
বৈঠকে লংমার্চের সার্বিক ব্যবস্থাপনা, প্রশাসনিক সহযোগিতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। কর্মসূচি ঘিরে শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও লংমার্চের শৃঙ্খলা বিভাগের প্রধান মো. মোবারক হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মো. ফখরুদ্দিন মানিক, গোপালগঞ্জের পুলিশ সুপার হাবিবুল্লাহ, সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদর উদ্দিন, গোপালগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমির অ্যাডভোকেট আজমল হোসাইন এবং জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম।
এদিকে, লংমার্চ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা ও প্রশাসনিক সমন্বয়ের বিষয়ে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম তারেক সুলতানের সঙ্গেও বৈঠক করেন বাস্তবায়ন কমিটির নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসেন এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নড়াইল জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চুসহ লংমার্চ বাস্তবায়ন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
বৈঠকে আগামী ৩১ অক্টোবরের কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসন ও বাস্তবায়ন কমিটির মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

